বাগমারার সেই শিশুটির পাশে দাঁড়ালো ব্র্যাক

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৪৫
রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া-শিকদারী গ্রামে গত ৫ এপ্রিল এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলে আব্দুল জব্বার নামের ব্যক্তি। সেখান থেকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে বাগমারা থানায় শিশুটির পিতা বাদী হয়ে আব্দুল জব্বারকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ধরনের মানবাধিকার লংঘনের ঘটনা পরদিন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে বেসরকারি মানবাধিকার সংগঠন ব্র্যাকের কর্মকর্তারা শিশুটির দিকে চিকিত্সা ও আইনি সহায়তার হাত বাড়িয়ে দেন। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার সকালে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পক্ষ থেকে ভবানীগঞ্জ নিজস্ব কার্যালয়ে শিশুটির চিকিত্সার জন্য তার পিতা-মাতার কাছে নগদ অর্থ প্রদান করেন। অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (এসভিআই) মজিবর রহমান প্রামাণিক, কর্মসূচি সংগঠক মাহাফুজা খাতুন, বিডিপি’র বাগমারার শাখা ব্যবস্থাপক নুরুজ্জামান প্রমুখ।