নোবেল-নিপুণকে নিয়ে আনজাম মাসুদ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৫৯
নির্মাতা-উপস্থাপক আনজাম মাসুদ তার উপস্থাপনাকে ছাড়িয়ে এখন অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছেন বিজ্ঞাপন নির্মাণে। বিজ্ঞাপনের মুন্সিয়ানায় তার নির্মাণের চেয়ে মডেল নির্বাচনটাই চমক লাগানো হয়ে থাকে। প্রথমবারের মতো মডেল মৌকে এনেছিলেন তার বিজ্ঞাপনচিত্রে। এবারে প্রথমবারের মতো তার বিজ্ঞাপনে মডেল হিসেবে নিচ্ছেন নোবেল ও নিপুণকে। নিজের বিজ্ঞাপনচিত্রের এ ধরনের চমক প্রসঙ্গে আনজাম মাসুদ বলেন, ‘দর্শকেরা চমক দেখতেই পছন্দ করে। আমি মনে করি জুটি প্রথা সব জায়গা চললেও বিজ্ঞাপনের জুটি খুব বেশি দিন টেকে না। এ কারণেই বৈচিত্র্য আনার জন্যই আমি এই কাজটি করে থাকি। এরই মধ্যে নোবেল ও নিপুণের সাথে চুক্তি হয়েছে। খুব শিগরিই এর শুটিং শুরু করব।’ উল্লেখ্য, বিজ্ঞাপন নির্মাণ ছাড়াও একাধিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন আনজাম মাসুদ। আজ বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ রাষ্ট্রীয় তালিকাভুক্ত শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে একটি নতুন আর্টিস্ট গিল্ড। যার সাথে বেশ সক্রিয়ভাবেই সম্পৃক্ত আছেন তিনি। সাংগঠনিক ব্যস্ততা প্রসঙ্গে আনজাম বলেন, ‘আমি মনে করি কাজের জন্য এ ধরনের সংগঠনের আরও প্রয়োজন রয়েছে। কারণ প্লাটফর্ম বাড়লে তার ছোট ছোট উদ্যোগগুলোই একসময় বড়ভাবে সামাজিক ও সাংস্কৃতিকভাবে কাজে দেয়।’ এদিকে আনজাম মাসুদের পরিচালনায় বিজ্ঞাপনে কাজ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আনজাম ভাইয়ের কাজের সাথে পরিচয় রয়েছে। তার নির্মাণ বেশ স্বচ্ছ ও নান্দনিক হয়। আশা করি নোবেল ভাইয়ের সাথে এই কাজটিও ভালো হবে।’