ছোট পর্দার জনপ্রিয় মুখ মজিবুর রহমান দিলু। দীর্ঘদিন অসুস্থতা কাটিয়ে উঠে অনেকটা দ্বিতীয় জীবনে এসে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন। মাই টিভিতে তার পরিচালনায় ‘তামাশা’ নাটকটি চলছে প্রতি বুধবার রাত ৮টা ১০ মিনিটে। নাটকটির স্ক্রিপ্টও তার নিজেরই লেখা। আজন্ম অভিনয়পাগল এই মানুষটি নিজের কাজ প্রসঙ্গে বলেন, ‘এখন তো সবখানে তরুণ নির্মাতা যারা হয়তো আমার অভিনয় দেখে বড় হয়েছে। কিন্তু ওদের সাথে যোগাযোগেরও মাধ্যম আমার জানা নেই। তাই মুখ ফুটে বলতেও পারি না শেষ বয়সে আমি অভিনয়টা করেই শেষ নিঃশ্বাস নিতে চাই। আরও দুয়েকটি চ্যানেলের নাটকে অভিনয় করছি ঠিকই, কিন্তু সেই অর্থে মনের মতো চরিত্র পাচ্ছি না। যাতে উজাড় করা অভিনয় দেখাতে পারব। তাই আমি শুধু বলতে পারি আমি এই বয়সেও তরুণদের কাছে অভিনয়ের সুযোগ চাই। নিজের নেশা আর নিঃশ্বাসের জায়গা আমার অভিনয়। এটাকে নিয়ে বাকি জীবনের দিনগুলো শেষ করতে চাই।’
