ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বৃহস্পতিবার বলেছেন, ৯ মে তিনি চীন সফর করবেন। ভারত ও চীনের মধ্যকার বিরোধপূর্ণ সীমান্তে বিরাজমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এই সফরে যাচ্ছেন। খুরশিদ সাংবাদিকদের বলেন, আমি বিশ্বাস করি যে আমাদের একটি পারস্পরিক স্বার্থ রয়েছে এবং আমাদের বহু বছরের অর্জিত অবদান ধ্বংস করা উচিত নয়। তিনি আরো বলেন, আমি মনে করি এটা একটি ভাল লক্ষণ যে আমাদের মধ্যে একটি আলোচনা হতে যাচ্ছে।
এই সফরটি আগামী মাসে চীনের নতুন প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের ভারত সফরের প্রস্তুতির একটি অংশ কিনা তা জানা না গেলেও প্রতিবেশী দেশ দুটির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে সফরটি হতে যাচ্ছে। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, লি ২০ মে নয়াদিল্লি সফরে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর। গত মাসে দক্ষিণ আফ্রিকায় উভয় দেশের নেতৃবৃন্দের সম্মতিক্রমে এই সফরটি নির্ধারিত হয়।
দিল্লি জানিয়েছে, ১৫ এপ্রিল চীনা সৈন্যরা হিমালয়ের একটি প্রত্যন্ত ও জনবসতিহীন এলাকার সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। সৈন্য প্রত্যাহারের জন্য ভারত প্রকাশ্যে চীনের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু উভয় দেশের স্থানীয় সেনা কমান্ডার ও কূটনীতিকদের মধ্যে কয়েক দফা বৈঠকের পরও সংকট কাটেনি।
