যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল বৃহস্পতিবার বলেছেন, মার্কিন গোয়েন্দাদের বিশ্বাস, সিরিয়া সরকার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উত্খাতের লড়াইয়ে লিপ্ত বিদ্রোহীদের ওপর স্বল্পমাত্রায় সারিন গ্যাস হামলা চালিয়েছে। ইউনাইটেড আরব আমিরাত সফরকালে হ্যাগেল আবুধাবিতে সাংবাদিকদের বলেন, এদিকে (বৃহস্পতিবার) সকালেই হোয়াইট হাউজ সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি নিয়ে কংগ্রেসের কয়েকজন সদস্যকে চিঠি দিয়েছে। ঐ চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এ ব্যাপারে কিছুটা নিশ্চিত হয়েছেন যে, সিরিয়ায় সরকার স্বল্পমাত্রায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। বিশেষত সারিন গ্যাস ব্যবহার করা হয়েছে বলে জানান হ্যাগেল। তবে এ অস্ত্র কোথায় এবং কখন ব্যবহূত হয়েছে সে সম্পর্কে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি। সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলা হলে যুক্তরাষ্ট্র তা সহ্য করবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল।
