সমরে ভীত নারী!
লিঙ্গ নয়, সব কাজে যোগ্যতাই হবে নিয়োগপ্রাপ্তির একমাত্র মাপকাঠি। অন্য প্রায় সব ক্ষেত্রে অস্ট্রেলিয়া এ নিয়মে চললেও সামরিক বাহিনীতে এ ব্যবস্থা ছিল না। গত জানুয়ারিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের নিয়ম করে নারীদের এগিয়ে আসার পথ করে দেয় জুলিয়া গিলার্ডের সরকার। আশা করা হয়েছিল, কঠিন চ্যালেঞ্জের কথা ভেবে, পুরুষের সঙ্গে এমন কাজে সমানভাবে পাল্লা দিতে প্রচুর নারী এগিয়ে আসবেন। কিন্তু অবাক কাণ্ড, অস্ট্রেলিয়ার মতো দেশেও তা হয়নি। ৮ হাজার আবেদনের মধ্যে মাত্র ২০ জনকে দেখা গেছে সম্মুখ সমরে অংশ নেয়ার সাহস দেখাতে। -এএফপি
বার্ড ফ্লু আতঙ্ক
নতুন এইচ৭এন৯ বার্ড ফ্লু ছড়িয়ে পড়া ঠেকাতে এশিয়ার কয়েকটি দেশ বিমানবন্দরগুলোতে যাত্রীদের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছে। নতুন ভাইরাসটি গত বুধবার প্রথম চীনের বাইরে তাইওয়ানে ৫৩ বছর বয়স্ক এক ব্যবসায়ীর দেহে ধরা পড়ে। ঐ ব্যবসায়ী চীন ভ্রমণ করার সময় এ ভাইরাস আক্রান্ত হয় বলে জানায় তাইওয়ানের স্বাস্থ্য অধিদপ্তর। আর ঐ কারণেই বিমানে ভ্রমণকারীদের মধ্যে সন্দেহজনক কোন লক্ষণ দেখা গেলেই স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে তাইওয়ান। —রয়টার্স
প্রাণঘাতী রোবট
প্রাণঘাতী রোবট নির্মাণ বন্ধের দাবিতে মাঠে নেমেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সমপ্রতি বিশ্বের বিভিন্ন দেশের সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীতে সামরিক অস্ত্র হিসেবে রোবটের ব্যবহার বাড়ছে। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, মানবনিয়ন্ত্রণ ছাড়া নিজেই লক্ষ্যবস্তু চিহ্নিত করে হত্যা করতে সক্ষম রোবট নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে সংস্থাটি। বিশ্বের ৭০টিরও বেশি দেশের সেনাবাহিনী এবং আইশৃঙ্খলা রক্ষাবাহিনী ব্যবহার করছে ড্রোন এবং বিভিন্ন প্রাণঘাতী রোবট। —বিডি নিউজ
হীরাখচিত ল্যাপটপ
লন্ডনভিত্তিক বিলাসপণ্য নির্মাতা ‘লুভাগলিও’ হীরাখচিত ল্যাপটপ কম্পিউটার বানিয়েছে। যার বাজার মূল্য ১০ লাখ মার্কিন ডলার। যদিও এটির হার্ডওয়্যারের দিক থেকে বাজারের অন্য ল্যাপটপগুলোর সঙ্গে খুব একটা পার্থক্য নেই । এতে আছে ১৭ ইঞ্চির এলইডি স্ক্রিন, ১২৮ জিবি হার্ড ডিস্ক এবং ব্লু-রে প্লেয়ার। তবে বাজারের অন্য ল্যাপটপগুলোর সঙ্গে পার্থক্য হল ‘পার্সোনালাইজড অপশন’। ল্যাপটপটিতে ক্রেতার পছন্দমতো মূল্যবান পাথর বসিয়ে দেবে নির্মাতা। এছাড়া ল্যাপটপটির জন্য হীরাখচিত কিবোর্ডও পাওয়া যাবে। —রয়টার্স
