আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি সফল করতে রাজধানীতে উত্তরাঞ্চলের প্রবেশ মুখ টঙ্গী অচল করে দিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলাম। এ উপলক্ষে আজ শনিবার বিশ্ব ইজতেমার ১নং গেট টঙ্গী-আশুলিয়া বাইপাস সড়কে প্রস্তুতিমূলক এক সমাবেশের ডাক দিয়েছে গাজীপুর জেলা হেফাজতে ইসলাম। টঙ্গীর সমাবেশে প্রায় দুই লাখ লোকের সমাবেশ ঘটানোটার টার্গেট নিয়েছে সংগঠনটি। সমাবেশে কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি নূর হোসাইন কাসেমী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে গাজীপুরে জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কাজ প্রায় সমাপ্ত হয়েছে। গত মঙ্গলবার বিলুপ্ত টঙ্গী পৌরসভার ২নং বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডে মাওলানা মোস্তাফিজুর রহমানকে সভাপতি, মাওলানা আবু বকর সিরাজীকে সাধারণ সম্পাদক ও মাওলানা জয়নুল আবেদীনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
