বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবদুস সামাদ আজাদের আজ শনিবার ৮ম মৃত্যুবার্ষিকী। ২০০৫ সালের এদিন চিকিত্সাধীন অবস্থায় মারা যান বর্ষীয়ান এ রাজনীতিক। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ তাঁর নির্বাচনী এলাকা সুনামগঞ্জ ও সিলেটে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। আজ সকালে মরহুমের বাসভবনে (৮৩, লেকসার্কাস, কলাবাগান) পবিত্র কোরআন খতম, কলাবাগান লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল ও মোনাজাত, বেলা ১১টায় বনানী গোরস্থানে কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া পাঠ এবং বাদ মাগরিব ‘লেকভিউ জামে মসজিদ’-এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে মরহুমের সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আবদুস সামাদ আজাদ ফাউন্ডেশনের পক্ষ থেকেও বিস্তারিত কর্মসূচি পালিত হবে। দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল শুক্রবার এক বিবৃতিতে আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
