প্রথমে কথা ছিল, ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। কিন্তু স্বাগতিকদের অনুরোধে সফর শুরু হয়েছে টেস্ট সিরিজ দিয়ে। সেই সিরিজে এখন সমতা আনার লক্ষ্যে লড়ছে বাংলাদেশ। তবে টেস্টেই তো পরীক্ষা শেষ হচ্ছে না। হারারের এই দ্বিতীয় টেস্ট শেষে বুলায়েতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। খেলোয়াড়দের মাথায় এখনই ওয়ানডে চিন্তা ভর না করলেও ম্যানেজমেন্টকে ওয়ানডের প্রস্তুতি শুরু করে দিতে হয়েছে।
আর সে লক্ষ্যে দলে বেশকিছু পরিবর্তন আনতে যাচ্ছে ম্যানেজম্যান্ট। তারই প্রথম ধাপে দলে আপাতত দুইজন পরিবর্তন করছে টিম ম্যানেজমেন্ট। ইতোমধ্যে দলের সাথে যোগ দিতে গতকাল রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক এবং ব্যাটসম্যান শামছুর রহমান শুভ। আজ হারারে থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন ওপেনার শাহরিয়ার নাফীস এবং স্পিনার এনামুল হক জুনিয়র। দলে বর্তমান সদস্য সংখ্যা ১৬, ওয়ানডে সিরিজের আগে আরো একজন জিম্বাবুয়ে থেকে ফিরে আসবেন। তবে কোন ক্রিকেটার আসবেন তা কালও জানাতে পারেননি দলের ম্যানেজার তানজীব আহসান সাদ। কাল টেলিফোনে তিনি বলেছেন, ‘আরো একজন ক্রিকেটার জিম্বাবুয়ে থেকে ফিরে যাবেন। সেটা হারারে টেস্টের পর সিদ্ধান্ত নেয়া হবে’।
বুলাওয়ের উইকেটে সাধারণত ব্যাটসম্যানদেরই আধিপত্য থাকে। বাংলাদেশের জন্য এই মাঠ বেশ ‘পয়া’ মাঠই বলা যায়। এ পর্যন্ত এখানে আট ম্যাচে ছয়টিতেই জয় পেয়েছে তারা। এই মাঠেই রেকর্ড গড়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছিল বাংলাদেশ। ২০০৯ সালে চার্লস কভেন্ট্রির অনবদ্য ১৯৪ রানে জিম্বাবুয়ে ৩১২ রানের যে পাহাড় গড়েছিল; তামিম ইকবালের ১৫৪ রানের ইনিংসে ভর করে তা টপকে গিয়েছিল বাংলাদেশ।
অবশ্য বুলাওয়েতে জয়ের সংখ্যা কম হলেও জিম্বাবুয়ের দারুণ একটা স্মৃতি আছে; বাংলাদেশের বিপক্ষে নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে। এখানে খেলা সর্বশেষ ম্যাচে, ২০১১ সালে স্বাগতিকরা নিউজিল্যান্ডের ৩২৮ রানের পাহাড় টপকে এক বল বাকি থাকতে এক উইকেটের জয় পেয়েছিল কোন সেঞ্চুরি ছাড়াই। যতকিছুই হোক না কেন, এই মাঠে স্বাগতিকদের তুলনায় বাংলাদেশের ইতিহাস বেশ ভালো। তাই বুলাওয়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য এখন থেকে দল সাজাতে প্রস্তুত টিম ম্যানেজমেন্ট।
বুলাওয়েতে হয়তো একজন পেসারকে বাদ দেয়া হতে পারে। ইনজুরি থেকে সেরে উঠে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত শফিউল ইসলাম। তার সাথে থাকবেন হারারে টেস্টে দারুণ বল করা রবিউল ইসলাম শিপলু। অফ স্পিনার সোহাগ গাজীর সাথে আব্দুর রাজ্জাকও সেরা একাদশে থাকতে পারেন। কে বাদ পড়বেন তার জন্য অপেক্ষা করতে হবে আরো দুইদিন।
শুভ দলে সুযোগ পেলে তার ওয়ানডে অভিষেক হয়ে যাবে। শ্রীলংকা সফরে মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়ানডে সিরিজে দলে ছিলেন কিন্তু সেরা একাদশে সুযোগ হয়নি তার। প্রিমিয়ার লিগে অবশ্য শুভ নিজেকে চিনিয়েছেন। এ মৌসুমের প্রিমিয়ারে ১২ ম্যাচে ৪২১ রান এসেছে তার ব্যাট থেকে। একটি সেঞ্চুরিসহ তার ব্যাটিং গড় ছিল ৩৬।
