ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডসন মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটেও সফলতা পেতে ওয়েস্ট ইন্ডিজের কিছুটা সময় লাগবে।
ভিভ রিচার্ডস বলেন, এটা খুবই ভাল যে, ওয়েস্ট ইন্ডিজ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিজেদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তার আশা, এই শিরোপা জয় ক্যারিবীয় ক্রিকেটে নবযুগের সূচনা করবে।
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ডেয়ার ডেবিলসের পরামর্শক ভিভ বলেন, ‘আমরা একটা নবযুগের সূচনা আশা করছি। টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ের মাধ্যমে অত্যন্ত প্রয়োজনীয় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এটাকে তাদের সামনে এগিয়ে নিতে হবে। আমি মনে করি পর্যায়ক্রমে এটা ঘটবে এবং সময়ই তা বলে দেবে।’
আইপিএলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চলা ক্যারিবীয় দুই খেলোয়াড় ক্রিস গেইল এবং সুনিল নারিনে মুগ্ধ বলে জানান ভিভ। রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলা গেইল সমপ্রতি ৬৬ বলে ১৭৫ রান করেন। অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে নারিন সাত ম্যাচে এ পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছেন।
বিশ্ব ক্রিকেটের একসময়ের মারকুটে এই ব্যাটসম্যান আরো বলেন, ‘আইপিএলে স্পিনারদের খেলায় আমি মুগ্ধ বিশেষ করে নারিনের পারফরমেন্সে।’
গেইলের বিষয়ে তিনি বলেন, ‘সে এখানে (টি-টোয়েন্টি) যা করেছে ক্রিকেটের অন্য ঘরানায় এর পুনরাবৃত্তি ঘটাতে পারবে কিনা আমার সন্দেহ আছে। গেইল প্রথম বল থেকেই ছক্কা মারতে চায়। তবে আক্রমণাত্মক হওয়ার আগে কখনো কখনো অপেক্ষা করে সে।’
ক্রিকেটে আক্রমণাত্মক হওয়ার বিষয়ে ভিভ বলেন, এটা পুরোটাই নির্ভর করে স্টেডিয়ামের উপর। আমি সব সময়ই তরুণ খেলোয়াড়দের বলার চেষ্টা করি এবং বলছি স্টেডিয়ামে তোমার অবস্থান ঠিক করো, বোলারের চোখের দিকে তাকাও। শেষ পর্যন্ত তুমি চিবুক উঁচু করে দাঁড়াবে এবং আর পিছনে ফিরে তাকাতে হবে না।’ -বাসস
