ই ং লি শ প্রি মি য়া র লি গ

ইউনাইটেডের শিরোপা উত্সব মাটি করতে চান ওয়েঙ্গার

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২২:০৬
আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন আর্সেনালের খেলোয়াড়রা আগামীকাল রবিবার এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে গার্ড অফ অনার দেবে, এতে কোন সমস্যা নেই। তবে এরপরও গানার শিবিরের ম্যানেজার চ্যাম্পিয়নদের খালি হাতে ফেরত পাঠাতে চান। কেননা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের জন্য তার দলের পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকতে চাওয়ার কারণেও জয়ী হওয়া দরকার আর্সেনালের। মূলত ইংলিশ প্রিমিয়ার লিগে এ সপ্তাহের লড়াইয়ের মূল উপজীব্যই হলো চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের জন্য দলগুলোর লড়াই। শীর্ষ চার দলই এ যোগ্যতা অর্জন করবে। ম্যানচেস্টার সিটিকে হতাশ করে গত সোমবার প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার করে ইউনাইটেড। সিটি ভালভাবেই দ্বিতীয়স্থানে রয়েছে। চাপ একটু কম তাদের। কিন্তু অনেক চাপে আছে তৃতীয়স্থানে থাকা আর্সেনাল। চতুর্থস্থানে থাকা চেলসি যারা নিজেদের মাঠে রবিবারই সোয়ানসি সিটির মুখোমুখি হবে। এছাড়া আজ শনিবার উইগান সফর করতে যাওয়া এবং পঞ্চমস্থানে থাকা টটেনহ্যামও শীর্ষ চারের অন্যতম প্রতিদ্বন্দ্বী। আর্সেনাল চেলসি থেকে এক পয়েন্টে এগিয়ে রয়েছে। টটেনহ্যাম দুই পয়েন্টে পিছিয়ে আছে আর্সেনাল থেকে। ইতোমধ্যে ইউনাইটেড শিরোপা নিশ্চিত করে ফেলায় এই দলগুলোর লক্ষ্য নিজেদের অবস্থান সুদৃঢ় করা। ওয়েঙ্গার সিদ্ধান্ত নিয়েছেন ইউনাইটেড যেহেতু শিরোপা জয় করেছে তাই তাদের সম্মানে গার্ড অফ অনার দেয়া হবে ম্যাচ শুরুর আগে। এই সিদ্ধান্তে আর্সেনালের কিছু সমর্থক হতাশ হয়েছেন। যদিও ১৯৯১ সালে জর্জ গ্রাহামসের অধীনে আর্সেনাল চ্যাম্পিয়ন হলে আলেক্স ফার্গুসনের দলও তাদের একইভাবে সম্মাননা জানিয়েছিলো। এইসব সমর্থকরা আবার গার্ড অব অনারের সময় ইউনাইটেড দলের সদস্য সাবেক আর্সেনাল অধিনায়ক রবিন ফন পার্সিকে পিঠ দেখানোর পরিকল্পনা করছেন। পার্সির গুরুত্বপূর্ণ ভূমিকায় ইউনাইটেড ২০তম লিগ শিরোপা জিতেছে। ওয়েঙ্গার অবশ্য বিনা কারণে ইউনাইটেডকে চটাতে চান না। তিনি বরং খেলোয়াড়দের সম্মান দেখানোর পক্ষপাতী। তাই তিনি বলেন,‘আমরা আমাদের হয়ে দীর্ঘদিন খেলা খেলোয়াড়দের সম্মান দেখাবো। দীর্ঘদিন আমরা তাই করে এসেছি। খেলার আগে ও পরে তাই করবো। চ্যাম্পিয়ন হিসাবে হোক বা না হোক একই রকম থাকতে হবে। নিজেদের জন্য আমরা যা চাই তা হলো ভাল খেলা এবং তাদের হারানো। তারা কি ধরনের মর্যাদা নিয়ে আসছে সেটা কোন ব্যাপার নয়।’ টটেনহ্যাম গত সপ্তাহে ৩-১ গোলে সিটিকে হারিয়ে দিয়েছিল। টটেনহ্যামের ম্যানেজার আন্দ্রে ভিলাস বোয়াস জয়ের ধারাবাহিকতা চান চলতি সপ্তাহে এবং মৌসুমের বাকি সময়েও। -এএফপি ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শনিবার ম্যানচেস্টার সিটি-ওয়েস্টহ্যাম ইউনাইটেড এভারটন-ফুলহ্যাম সাউদাম্পটন-ওয়েস্টব্রুমউইচ আলবিয়ন স্টোক সিটি-নরউইচ সিটি উইগান-টটেনহ্যাম নিউ ক্যাসল-লিভারপুল রবিবার রিডিং-কুইন্স পার্ক রেঞ্জার্স চেলসি-সোয়ানসি সিটি আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেড সোমবার অ্যাস্টন ভিলা-সান্ডারল্যান্ড