তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাভারের রানা প্লাজা ধসের ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, এটা একটা হত্যাকাণ্ড। এ ঘটনায় ভবন মালিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের অবহেলা, উদাসীনতা, গাফিলতি এবং আইন অমান্য করার প্রবণতা লক্ষ্য করা গেছে। শুধু মুনাফার লোভে ঝূঁকিপূর্ণ ভবনে শ্রমিকদের জোরপূর্বক কাজে যোগদানে বাধ্য করা বড় ধরনের অপরাধ। তিনি গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন।
তিনি আরো বলেন, ভবনটিতে ফাটল দেখা দেয়ার পর শ্রমিকরা কিভাবে ওই ভবনে কাজের জন্য প্রবেশ করলো তা খতিয়ে দেখা প্রয়োজন। ভবনের মালিক ও গার্মেন্টস কর্তৃপক্ষ যারা প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত, তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আইন অনুযায়ী হত্যাকাণ্ডের সাজা হওয়া উচিত। ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, কে কি বললেন, তা বড় কথা নয়। ভবন ধসের ঘটনার সঙ্গে সরকার কিংবা বিরোধী দলের কোন সম্পৃক্ততা নেই। তথ্যমন্ত্রী বলেন, মুখ দেখে বা দল দেখে সরকার কোন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করবে না। যে বা যারাই দায়ী, সে যে দলেরই হোক না কেন তাকে আইনের মুখোমুখি দাঁড় করিয়ে কারাগারে পাঠানো হবে। ভবন ধসের ঘটনাটি নিয়ে রাজনীতি না করার জন্যও পরামর্শ দেন তিনি। সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে অন্যদের মধ্যে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার মাহমুদ, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার মফিজ উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
