বিএনপির বিচার বিভাগীয় তদন্ত দাবি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২২:৩৯
সাভারের দুর্ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ উল্লেখ করে এ ঘটনায় উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে প্রধান বিরোধীদল বিএনপি। একই সঙ্গে শ্রমিকদের ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ রানা প্লাজায় ডেকে ‘হত্যা’ করার অভিযোগ এনেছে দলটি। ভবন মালিক সোহেল রানা যুবলীগের কর্মী নয়- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যেরও সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ঐতিহ্য সংসদ আয়োজিত ‘গণতন্ত্র ও বাকস্বাধীনতা রক্ষায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর সমালোচনা করে এম কে আনোয়ার বলেন, সাভারের বিভিন্ন স্থানে যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানার পোস্টার টানানো আছে। আর দেশের প্রধানমন্ত্রী ঘটনার দুইদিন পর তার (সোহেল রানা) সম্পর্কে বলছেন অন্য কথা। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এসব করলেও আপনি তা পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন, এই দুর্ঘটনার পর তার মতো একজন উচ্চ শিক্ষিত মানুষের মুখ থেকে যে কথা বের হয়েছে, জানি না তার অন্যান্য অঙ্গ-প্রতঙ্গ থেকে কি বের হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের পরিচয় প্রকাশ করেছেন। ঘটনার দিন ফাটল ধরা ওই ভবনে ‘বেতন দেয়ার কথা বলে’ শ্রমিকদের নেয়া হয় দাবি করে এম কে আনোয়ার বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ডেকে এনে হত্যা করা হয়েছে। সাভারের ধ্বংসস্তূপ থেকে লাশের পর লাশ বের করে আনা হচ্ছে। এই প্রাণহানির ঘটনা ভাষায় বর্ণনা করা যাবে না। আমরা এই নির্মম ঘটনায় উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত চাই। ঐতিহ্য সংসদের সভাপতি শেখ আবুল হোসেন মিঠুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করীম প্রমুখ বক্তব্য রাখেন।