নৈতিক বাণিজ্য!

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২২:৩৯
ধসে যাওয়া ভবন রানা প্লাজায় যে ৫টি তৈরি পোশাক কারখানা ছিলো তার একটিতে কাজ দিয়েছিলো যুক্তরাজ্যভিত্তিক জায়ান্ট রিটেইল হাউস প্রিমার্ক। পৃথিবীর আটটি দেশে তাদের ২৫৭টি রিটেইল আউটলেট রয়েছে। এর মধ্যে শুধু যুক্তরাজ্যেই রয়েছে ১৬১টি আউটলেট। কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনার জন্য কোম্পানিটি গত বছরের ডিসেম্বর মাসে বিশেষ পুরস্কার লাভ করেছে। কোম্পানির নৈতিক বাণিজ্য বিভাগের পরিচালক ক্যাথেরিন কিরক বিশেষ এ পুরস্কার লাভ করেন। এ খাতে ক্যাথেরিনের ২৫ বছরের দক্ষতা রয়েছে। সাধারণত একজন ক্রেতা কোন দেশ, কেমন পরিবেশ বা কোন কোম্পানি থেকে পোশাক কিনছে সেটিকে অনেক বড় করে দেখা হয়। বহুল প্রচারিত দি গার্ডিয়ান পত্রিকার খবরে বলা হয়, বাংলাদেশের ট্রেড ইউনিয়ন এবং শ্রম অধিকার সংগঠনগুলো গার্মেন্টস ভবন ইন্সপেকশনের জন্য যে পরিকল্পনা তৈরি করেছে তাতে প্রিমার্ককে যুক্ত হবার আহ্বান জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়, বিশ্বখ্যাত চেইন কেলভিন ক্লেইন, টমি হিলফিগার, পিভিএইচ এবং শিবো ওই পরিকল্পনায় যুক্ত হলেও প্রিমার্ক বিষয়টি নিয়ে গড়িমসি করেছে। প্রিমার্ক ভবন পরিদর্শন প্রক্রিয়ার সাথে যুক্ত হলে ব্যাপক প্রাণহানি এড়ানো যেতো বলে অনেকে মন্তব্য করেন। ইতিমধ্যে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়া মন্ত্রী রুশনারা আলী পোশাক কারখানার ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশের বিষয়টিকে মাথায় নিয়ে এ বিষয়ে প্রিমার্ক-এর মত বড় বড় কোম্পানি যারা এসব শ্রমিকদের তৈরি পোশাক নিজেদের শোরুমে বিক্রি করে—তাদের জরুরি পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে মন্তব্য করেছেন।