স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন এরশাদ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২২:৩৯
জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ সাভারে ভবন ধসের ঘটনায় দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেয়ার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেছেন এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য শুধু চরম দায়িত্বহীনতার পরিচয়ই নয়, বরং সত্যকে আড়াল করার এবং প্রকৃত আসামিদের রক্ষা করার অপচেষ্টাও বটে। একই সাথে তিনি রানা প্ল¬াজার মালিক ও সাভার যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। ভিয়েতনাম সফররত এরশাদ গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেন। সাবেক এই প্রেসিডেন্ট আরো বলেন, আইন অমান্য করে ক্ষমতার দাপট দেখিয়ে যুবলীগ নেতা যে ভবন নির্মাণ করেছেন, এর সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যুবলীগ নেতা ঘটনার দিন ওই ভবনেই ছিলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে রানা কীভাবে পালিয়ে গেলেন তার জবাব সরকারকে দিতে হবে। তিনদিন পরও উদ্ধার কাজ শেষ করতে না পারায় উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, সেখানে শত শত মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধার কার্যক্রম আরো জোরদার করতে হবে। এজন্য তিনি উদ্ধারকর্মীর সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। প্রসঙ্গত হরতাল সমর্থকরা রানা প্লাজার ভাঙা অংশ ও গেট ধরে নাড়াচাড়া করায় এ ভবন ধসে পড়েছে— সম্প্রতি বিবিসির সঙ্গে আলাপকালে এমন উক্তি করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।