পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির হত্যা মামলায় পারভেজ মোশাররফকে রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল শুক্রবার সন্ত্রাস বিরোধী আদালত সাবেক এই প্রেসিডেন্টকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রিমান্ডে রাখার নির্দেশ দেয়। খবর ডন-এর।
গতকাল শুক্রবার বেনজির হত্যা মামলার শুনানিতে রিমান্ডের আদেশ দেয়া হয়। এর আগে বৃহস্পতিবার মোশাররফকে এ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। এদিকে বেনজির হত্যা মামলা তদন্তে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের নেতৃত্বে যে যৌথ জিজ্ঞাসাবাদ দল গঠন করা হয়েছে তার প্রতি অনাস্থা জানিয়েছেন মোশাররফ। মোশাররফ বর্তমানে ইসলামাবাদে তার বাগান বাড়িতে গৃহবন্দী আছেন। বাড়ির দুই কক্ষে তার চলাচল সীমাবদ্ধ করা হয়েছে। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক নির্বাচনী সমাবেশে হামলায় বেনজির ভুট্টো নিহত হন। ওই সময় ক্ষমতায় ছিলেন পারভেজ মোশাররফ। অভিযোগ আছে, সমাবেশ উপলক্ষে তিনি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেননি।
মোশাররফকে অপহরণ করতে
পারে তালেবান
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সরকারকে হুঁশিয়ার করে বলেছে, দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে অপহরণের পরিকল্পনা করছে তেহরিক-ই-তালেবান। দেশটির সংবাদ মাধ্যম ‘দ্য ফ্রন্টিয়ার পোস্ট’ এক প্রতিবেদনে জানিয়েছে, সংগঠনটি একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে এবং এ কাজে সফল হতে কয়েকটি দলও গঠন করেছে। মোশাররফকে সাব জেল থেকে আদালতে আনা-নেয়ার সময় অপহরণ করা হতে পারে বলেও গোয়েন্দা সংস্থা সরকারকে জানিয়েছে। সংস্থাটি মোশাররফের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলেছে।
