মোবাইল ফোন থেকে শুরু করে টিভি কিংবা ফ্রিজের মতো নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী, ঝাঁ-চকচকে গাড়ি থেকে শুরু করে জমি কিংবা বাড়ি; এমন হেন জিনিস নেই যেটা আজকাল বিক্রির জন্য অনলাইনে উঠছে না। এমনকি বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটের মাধ্যমে নিজেদের শ্রম আর প্রতিভাকেও টাকায় বদলে নিচ্ছেন কতজন। কিন্তু তাই বলে কেউ যদি অনলাইনের বেচা-বিক্রির কোনো সাইটে বিক্রির তালিকায় তুলে দেন জলদস্যুদের জাহাজ বা পাইরেট শিপের মতো কোনো সামগ্রী তাহলে সেই বিক্রির বিজ্ঞাপন দেখে কারও কারও মনে চিত্ত চাঞ্চল্য তৈরি হয় বৈকি। আর এ কারণেই অনলাইনের হাজারও বিক্রির বিজ্ঞাপনের ভিড়ে হারিয়ে না গিয়ে বরং উল্টো সংবাদ শিরোনামের বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রেইগসলিস্ট ক্লাসিফাইড অ্যাড ওয়েবসাইটে দেওয়া এই বিজ্ঞাপনটি। দেখতে অনেকটা হলিউডি মুভির দস্যু জাহাজের মতো মনে হলেও আদতে এটি যে অতোটা ভয়ঙ্কর কোনো কিছু নয় সেটি অবশ্য বিজ্ঞাপনেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই ছোটখাটো জাহাজটির বর্তমান মালিক। ১৯৮৮ সালে তৈরি এই গিবসন বোটটি মূলত একটি হাউজবোট বা ভাসমান বাড়ি যেখানে অনায়াসেই জড়ো হতে পারেন গোটা ত্রিশেক মানুষ। আর স্বাভাবিক সময়ে একটি পরিবার যেন এখানে বেশ আরাম আয়েশেই সময় কাটাতে পারে তার জন্য রয়েছে দুটি বেডরুম ও বাথরুমসহ আধুনিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় প্রায় সকল অনুষঙ্গই। বিষয়টা এমন নয় যে, এ ধরনের ভাসমান বাড়ি গোটা দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই। তবে এই হাউজ বোট বা ভাসমান বাড়িটির পাইরেট শিপ সদৃশ বহিরাবরণটিই একে অন্য অনেক বাড়ির তুলনায় বহুগুনে এগিয়ে রেখেছে। বিজ্ঞাপনে থাকা কিংবা পার্টি করার জন্য চমত্কার একটি জায়গা হিসেবে উলে¬খ করা এই দস্যু জাহাজ আদলের বাড়িটির দাম হাঁকা হয়েছে ৭৯,০০০ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৬৪ লক্ষ টাকা। আর বিক্রির জন্য অপেক্ষায় থাকা এই ভাসমান বাড়িটি বর্তমানে রয়েছে আমেরিকার মিশৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে।
