ছবির সংখ্যা বাড়ানোর কর্মসূচি!

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ১৯:৪৩
ছবির বাজেট বড় হোক বা ছোট, গল্প দুর্বল কি শক্ত তাতে কোনো আপত্তি নেই। ছবি সংখ্যা বাড়ানোর প্রক্রিয়ায় ক্যারিয়ারটা যতদূর পোক্ত করা যায়, সেই ব্রততেই যেন নেমেছেন চিত্রনায়ক ইমন। তবে এই গড়পড়তা ছবির তালিকায় ইমনের অভিনীত বেশ কিছু বড় বাজেটের বতিক্রমী চলচ্চিত্রও রয়েছে। যা খুব শিগগিরই মুক্তি পাবে। এ ছাড়া মডেল থেকে ফিল্মে নিজের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে তার এই নিষ্ঠার সাথে চলা অধ্যবসায় অনেকের জন্যই হয়তো নতুন দৃষ্টান্ত তৈরি করবে। তেমনই ইমনের আরেকটি ছবির নাম ‘পায়রা’। টানা প্রায় পাঁচ মাস বিরতির পর আজ থেকে ফের শুটিং শুরু হলো ইমনের ‘পায়রা’ চলচ্চিত্রের। সে হিসেবে নির্মাণাধীন এ চলচ্চিত্রটিকে ঘিরে মাঝখানে তৈরি হওয়া নানামাত্রিক অনিশ্চয়তাও কেটে গেল। নির্মাতাসূত্রে জানা যায় গেল বছর ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও সিলেটের বিভিন্ন লোকশন মিলিয়ে ‘পায়রা’র প্রায় ৫০ ভাগ শুটিং সম্পন্ন করেছেন তারা। তখন মূলত কাজ করেছেন এটিএন মাল্টিমিডিয়ার ব্যানারে। তবে মাঝখানে খানিক বিরতি নিয়ে ‘পায়রা’র শুটিং আজ থেকে পূর্ণোদ্যমে শুরু হচ্ছে অথৈ মুভির ব্যানারে। মূলত ব্যানার কেন্দ্রিক কিছু সমস্যা সমাধানের জন্যই মাঝখানে প্রায় পাঁচ মাসের বিরতি নিতে হয়েছে নির্মাতাদের। এ চলচ্চিত্রে ইমনের সাথে রয়েছে দিপালী নামের এক অর্বাচীন অভিনেত্রী। তবে ‘পায়রা’র অন্যতম চমক হিসেবে এরই মধ্যে যোগ দিয়েছেন শতাব্দী ওয়াদুদ। যিনি অতি সম্প্রতি ‘গেরিলা’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। যাকে ‘পায়রা’ চলচ্চিত্রে দেখা যাবে এন্টি হিরোর চরিত্রে। প্রযোজনা সূত্রে জানা যায়, আজ থেকে শুরু হওয়া ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন করে মে মাসের মাঝামাঝি ছবির শেষাংশের শুটিংয়ের জন্য যাওয়া হবে দেশের বাইরে। আর ‘পায়রা’ মুক্তির দেওয়া হবে আসছে ঈদুল আজহায়।