কায়েসং থেকে সব কর্মী সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৩২
উত্তর কোরিয়ায় যৌথ কায়েসং শিল্প এলাকা থেকে অবশিষ্ট সব কর্মী প্রত্যাহার করে নেয়া হবে বলে শুক্রবার জানিয়েছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং কায়েসং শিল্প এলাকা পুনরায় চালু করা নিয়ে দক্ষিণ কোরিয়ার সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর দেশটি এ পদক্ষেপ নিচ্ছে। বৃহস্পতিবার পিয়ংইয়ংকে ২৪ ঘণ্টার মধ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তাতে রাজি না হলে তাদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেয়া হবে বলে সতর্ক করে সিউল। এর প্রতিক্রিয়ায় শুক্রবার এক বিবৃতিতে পিয়ংইয়ং হুঁশিয়ার করে জানায়, দক্ষিণ কোরিয়ার আল্টিমেটাম কোনো ভাল ফল বয়ে আনবে না। এ মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া তাদের সীমান্তবর্তী ওই শিল্প এলাকার দরজা দক্ষিণ কোরিয়ার জন্য বন্ধ করে দেয়ার পাশাপাশি নিজেদের ৫৩ হাজার শ্রমিককে সেখান থেকে সরিয়ে নেয়। এরপরই ওই শিল্প এলাকা আবার চালুর জন্য উত্তরকে বৈঠকের প্রস্তাব দিয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু উত্তর কোরিয়া এ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এখন ওই শিল্প এলাকা থেকে প্রায় ১৭০ কর্মীকে সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রী রয়ু খিল-জায়ে বলেছেন, “কায়েসং শিল্প এলাকায় থেকে যাওয়া আমাদের নাগরিকরা উত্তর কোরিয়ার অন্যায় আচরণের কারণে দুর্ভোগ পোহাচ্ছে। ফলে তাদের নিরাপত্তা রক্ষায় অবশিষ্ট সব কর্মীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া সরকারের জন্য অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে।”