পাকিস্তানের বন্দর নগরী করাচিতে ধর্মনিরপেক্ষ একটি রাজনৈতিক দলের নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ি বোমার বিস্ফোরণে ১০জন নিহত হয়েছে। দেশটিতে আগামী মাসের ঐতিহাসিক নির্বাচনের প্রাক্বালে এটি সর্বশেষ সহিংসতার ঘটনা। এর আগে এ শহরেই বৃহস্পতিবার ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) দলের কার্যালয়ের বাইরে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে পাঁচজন নিহত হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ খান জানান, নগরীর কাছাকাছি মমিনাবাদে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) এক প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের কাছে শুক্রবার রাতে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ মুখপাত্র ইমরান শওকত জানান, দেশীয় এ বোমাটি একটি সুজুকি গাড়িতে পেতে রাখা হয়েছিল।
সিনিয়র পুলিশ কর্মকর্তা পাচুহো বলেন, ‘গাড়ি বোমার বিস্ফোরণে ১০জন নিহত ও আরো অনেকে আহত হয়েছে।’ প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে আশেপাশের বিভিন্ন দোকানপাট ও ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ কর্মকর্তা আরো জানান, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল আওয়ামী ন্যাশনাল পার্টির নির্বাচনী কার্যালয়কে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়। পুলিশ জানায়, ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বন্দরনগরী করাচিতে চালানো শুক্রবারের এ হামলা ছিল দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা। উল্লে¬খ্য, এএনপি ও এমকিউএম পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বাধীন বিদায়ী সরকারি জোটের অংশীদার ছিল।
