পাকিস্তানের একটি কারাগারে শুক্রবার অন্য বন্দীদের হামলার শিকার ভারতীয় নাগরিক সরবজিত্ সিং হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিত্সকরা জানিয়েছেন তিনি কোমায় চলে গেছেন। গুপ্তচরবৃত্তির দায়ে ১৬ বছর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সরবজিত্ সিং পাকিস্তানের কোট লাখপত জেলে আছেন। শুক্রবার লাহোরের এই জেলের ভিতরেই অন্য বন্দীদের হামলার শিকার হন তিনি। তার সঙ্গে দেখা করার জন্য পরিবারের চার সদস্যকে ভিসা দিয়েছে পাকিস্তান। ইট এবং ছুরি নিয়ে একদল বন্দী তার ওপর হামলা চালায়। গুরুতর আহত সরবজিেক প্রথমে জেলের হাসপাতালে, পরে লাহোরের জিন্নাহ হাসপাতালে নেয়া হয়। ইতোমধ্যে তার সিটি স্ক্যান হয়েছে। চিকিত্সকদের মতে তার অবস্থা আশঙ্কাজনক। জিন্না হাসপাতালের একজন সিনিয়র চিকিত্সক বলেন, তাকে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। তার অপারেশন দরকার। কিন্তু চিকিত্সকরা ঝুঁকি নিতে চাইছেন না । তারা তার অবস্থা স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছেন। এ ঘটনা তদন্তের দায়িত্বে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ মুহূর্তে ঠিক কি কারণে তার ওপর হামলা হয়েছে তা আমরা জানি না।
