ভারতীয় মন্ত্রীকে খুন করতে বাংলাদেশি কিলার ভাড়া!

আপডেট : ০৮ মে ২০১৯, ১২:২৭

ভারতীয় এক মন্ত্রীকে খুন করতে ভাড়া করা হয়েছে বাংলাদেশি কিলার! দেশটির পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হত্যা করতে বাংলাদেশ থেকে কিলার ভাড়া করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইতিমধ্যে গোবরডাঙ্গা থানায় অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জ্যোতিপ্রিয় অভিযোগ করেছেন তাকে খুনের ষড়যন্ত্রের পিছনে রয়েছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়, বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। 

এছাড়া খবরে বলা হয়েছে, ওই মন্ত্রীকে খুনের জন্য অগ্রিম পাঁচ লক্ষ টাকা দেয়া হয়েছে কিলারদের। মন্ত্রীকে হত্যার মিশন সম্পন্ন হলে আরও পঁচিশ লক্ষ টাকা দেয়া হবে।

কিলারদেরই একজন ফোন করে ওই মন্ত্রীর ঘনিষ্ট এক ব্যক্তিতে এই খবর জানিয়ে দেন বলে জানানো হয়েছে। 

চলতি মাসের পাঁচ তারিখ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সহকর্মীর মোবাইলে সন্ধ্যা সাতটা ও ন’টা ফোন আসে। নম্বর দু’টি হল +৮৮০১৭২০৩৬০৩৮৪ ও +৭১১৭২০৩৬০৩৮৪৷ ফোনের এপার থেকে ব্যক্তি নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেয় বলে দাবি মন্ত্রীর সহকর্মীর৷  

ফোনেই নাকি সেই ব্যক্তি জানায়, বনগাঁর কুখ্যাত সমাজ বিরোধী দেবদাস মণ্ডলকে কৈলাশ বিজয়বর্গীয়, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর ও শান্তনু ঠাকুর খাদ্যমন্ত্রীকে খুনের বরাত দিয়েছেন৷

এই দেবদাস আবার ভাড়া করেছে বাংলাদেশি দুষ্কৃতীদের। এদের অনেকেই বর্তমানে ভারতে ঢুকে পড়েছে।৷ রয়েছে দেবদাস মণ্ডলের আশ্রয়ে। ফোনে যে ব্যক্তি এই তথ্য দেয় সে নিজেও নাকি বাংলাদেশের দুষ্কৃতীদের মধ্যে একজন দাবি মন্ত্রীর সহ কর্মীর। 

জানা যায়, এই খবর পাওয়ার পরই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওই দিনই গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

আরো পড়ুন: পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

এদিকে পুরো ঘটনা অসত্য বলে দাবি করেছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। 

দেশটির পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবরে বলা হয়েছে।

ইত্তেফাক/এসআর