দিনাজপুুরের ফুলবাড়ি কয়লাখনি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের উন্নয়ন ধারাকে এগিয়ে নেয়ার দাবিতে এশিয়া এনার্জির পক্ষে গত শুক্রবার বিকেলে দিনাজপুর দক্ষিণ-পূর্বাঞ্চল উন্নয়ন ফ্রন্টের উদ্যোগে হাজি ছানাউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাফুজুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন সংগঠনের আহবায়ক ও পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা লতিফা বেগম প্রমুখ। ফুলবাড়ি উপজেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা কমিটির আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত বলেন, এশিয়া এনার্জির অর্থে ঐ সমাবেশ করেছে এশিয়া এনার্জির সুবিধাভোগীরা। অর্থ ব্যয় করে লোক জড়ো করা হয়েছে। ফুলবাড়ি কয়লাখনির বিষয়ে ফুলবাড়িতে সভা-সমাবেশ করার সাহস নেই ঐ সুবিধাভোগীদের। কারণ খনি অঞ্চলের মানুষ তাদেরকে পিটিয়ে তাড়াবে।
