ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর বাখরবা গ্রামে কর্তৃপক্ষের গাফেলতিতে জিকে সেচ খালের পাড় ভাঙ্গা পানিতে দু’হাজার বিঘা জমির ফসল প্লাবিত হযেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। চর বাখরা গ্রামের সদরুল ইসলাম ও মোঃ মাসুদ বলেন, কয়েকদিন আগে চর বাখরবা গ্রামের জিকে প্রধান সেচ খালের দক্ষিণ পাড়ে ছিদ্র তৈরি হয়। ওই ছিঁদ্র দিয়ে পানি চুয়াচ্ছিল। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কার্য সহকারি মোশারফ হোসেনকে জানানো হয়। গ্রামবাসির অভিযোগ তিনি গুরুত্ব দেন না। আরো বলেন, বেশি না ভাঙ্গলে বাজেট আসবে না। শুক্রবার রাত ৮টার দিকে খালের এক পাড়ের প্রায় ৫০ ফুট ভেঙ্গে যায়। প্রবেল বেগে পানি বের হয়ে চর বাখরবা, পুরাতন বাখরবা ও গোয়ালবাড়িয়া গ্রামের আনুমানিক দু’হাজার বিঘার পাট, তিল ও বোরো ধান ক্ষেত তলিয়ে গেছে। পানি এখন খন্দকবাড়িয়া গ্রামের মাঠের দিকে যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, এটি একটি দুর্ঘটনা। স্থানীয় লোকেরা তাদের একজন কর্মচারী মোশারফ হোসেনকে মারধর করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’-এক দিনের মধ্যে ভাঙ্গা স্থান মেরামত করা হবে বলে তিনি জানান।
