রবিউল-সোহাগের পর আবার মুশফিক-সাকিব

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২২:১১
গত কয়েকটা সিরিজেই প্রতিপক্ষ বোলারদের পাশাপাশি বাংলাদেশের একটা বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠেছে আম্পায়ারিং। শ্রীলঙ্কা সফরে রীতি ভেঙে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। গতকালও আম্পায়ারিং ডোবাতে বসেছিল বাংলাদেশকে। তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের ভুতুড়ে আউটে আরেকটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে সুবিধাজনক অবস্থা থেকে ছিটকে পড়তে যাচ্ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের আরেকটি জুটি বাংলাদেশকে ম্যাচে চালকের আসনেই রেখেছে। দ্বিতীয় হারারের টেস্টের গতকাল সকালের সেশনে রবিউল ইসলামের ধারাবাহিক দুরন্ত পারফরম্যান্স, সোহাগ গাজী ফর্মে ফেরায় জিম্বাবুয়েকে সহজেই আটকে ফেলে বাংলাদেশ। এলটন চিগুম্বুরার দারুণ ইনিংসের পরও জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ২৮২ রানে; বাংলাদেশ পায় ১০৯ রানের লিড। জবাবে দ্বিতীয় ইনিংসে কাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৬৩ করেছে। এখন ৫ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ২৭২ রান। বাংলাদেশের ৩৯১ রানের জবাবে ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে গতকালকের দিনটা শুরু করেছিল জিম্বাবুয়ে। সোহাগ গাজীর শিকার হয়ে ম্যালকম ওয়ালার ৩২ রানে আউট হওয়ায় দলীয় স্কোর আর ৫ রান যোগ হতেই ভেঙে যায় এই জুটি। এরপর বাংলাদেশকে ভুগিয়েছে মূলত এলটন চিগুম্বুরা ও রিচার্ড মুতুম্বামির জুটিটা। ষষ্ঠ উইকেটে এই দু জন ২০.৫ ওভারে তুলে ফেলেন ৮৫ রান। অভিষেক টেস্ট খেলতে নামা মুতুম্বামি ৭২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় সাজানো ৪২ রান করে রবিউলের দিনের প্রথম ও ইনিংসের চতুর্থ শিকারে পরিণত হয়ে ফিরে যান। এরপরও একপ্রান্তে চিগুম্বুরার আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত ছিল। শেষ পর্যন্ত ৮টি চার ও ১টি ছক্কায় সাজানো ৮৬ রানের ইনিংস খেলে সোহাগের তৃতীয় শিকার হয়ে ফেরেন চিগুম্বুরা। এই জুটি ভাঙনের পর আসলে বাংলাদেশকে পেছন ফিরে তাকাতে হয়নি। রবিউলের টানা দ্বিতীয় ৫ উইকেট ও সোহাগ গাজীর ৪ উইকেটে ২৮২ রানেই শেষ জিম্বাবুয়ে। এই দু’জনের সাঁড়াশি আক্রমণে ৩৪ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে তারা। শতাধিক রানের লিড থাকায় বাংলাদেশের ব্যাটিংটা নির্ভার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্তে তা হল না। ব্যাটে না লাগলেও তামিমকে কট বিহাইন্ড ঘোষণা করে দেন টনি হিল। পরপর জহুরুল আরেকটি উচ্চাভিলাষী শট খেলে আউট। সবচেয়ে ভয়ানক ব্যাপার হল এই ধারাবাহিকতায় খানিক পর আশরাফুলকে লেগের বাইরের এক বলে এলবিডব্লিউ ঘোষণা করলেন আম্পায়ার। ফলে মুহূর্তে ১৮ রানে ৩ উইকেটে পরিণত হয় বাংলাদেশের স্কোর। এখান থেকে আবারও প্রথম হাল ধরেন সাকিব ও মোমিনুল। এই জুটি বাংলাদেশকে ৬৫ রান পর্যন্ত নিয়ে যায়। তারপরই ২৯ রান করে আউট মোমিনুল। এবার আবার সেই মুশফিক-সাকিব জুটি। প্রথম ইনিংসে শতরানের জুটি করার পর কাল এই দু’ জন করলেন ৮৪ রানের জুটি। আর এই দু’ জনেই বাংলাদেশ আবার স্বস্তি খুঁজে পেল। সাকিব ১০৪ বলে ৫টি চারে সাজানো ৫৯ রান করে অফ স্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে আউট হয়ে ফেরেন। তবে মুশফিক এখনও ধৈর্য ধরেই উইকেটে আছেন। ৮৫ বলে তার রান ঠিক ৫০। সঙ্গী আছেন নাসির। স্কো র কা র্ড টস- জিম্বাবুয়ে বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৯১ অল আউট জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ১৫৮/৪ (দ্বিতীয় দিন শেষে) তৃতীয় দিন: ২৮২ অল আউট ( এল্টন চিগুম্বুরা ৮৬, ম্যালকম ওয়ালার ৩২, রিচমুন্ড মুতুম্বামি ৪২; রবিউল ইসলাম ৫/৮৫, সোহাগ গাজী ৪/৫৯) বাংলাদেশ দ্বিতীয় ইনিস: তৃতীয় দিন শেষে ১৬৩/৫ (সাকিব আল হাসান ৫৯, মোমিনুল হক ২৯, মুশফিকুর রহিম ৫০ অপরাজিত, নাসির হোসেন ৫ অপরাজিত; শিঙ্গিরাই মাসাকাদজা ৩/৩৩) লিড: বাংলাদেশ ২৭২ রানে এগিয়ে।