জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ জামালের আজ ৫৮তম জন্মবার্ষিকী। তার জন্মবার্ষিকীটি প্রতিবারই ধুমধামের সাথে পালন করে থাকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব; কিন্তু এবার আর সেদিকে যাচ্ছে না ক্লাবটি। সাভারের ভবন ধসের ঘটনায় নিহতদের স্মরণে শেখ জামাল তাদের পূর্ব নির্ধারিত সব অনুষ্ঠান বাতিল করেছে। আগেই বাতিল করা হয়েছে শেখ জামাল ফুটবল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান। জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যে খরচ হতো তার সবটাই ভবন ধসে নিহতদের নামে পাঠানো হচ্ছে।
শেখ জামালের জন্মবার্ষিকী উপলক্ষে এবং সাভারের ঘটনায় আজ সকালে ধানমন্ডি ক্লাব মাঠে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে, আর বনানীতে শেখ জামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। ভবন ধসের ঘটনায় আহত ও নিহতদের সাহায্যার্থে গতকাল ক্লাবের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা পাঠানোর কথা জানিয়েছেন ক্লাব সভাপতি মঞ্জুর কাদের। তিনি বলেন, ‘এই ঘটনার জন্য দলের খেলোয়াড়, কর্মকর্তা, কোচ সবাই মর্মাহত। আমরা সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
