আগামী ৩০ এপ্রিল হেফাজতে ইসলামের শানে রেসালাত সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হেফাজতকে জেলা প্রশাসন ৪টি শর্ত দিয়েছে। জেলা প্রশাসনের সাথে গতকাল শনিবার এক মতবিনিময় সভায় এ শর্ত দেয়া হয়। সভায় হেফাজত নেতারা এসব শর্ত মেনে প্রশাসনকে শান্তিপূর্ণভাবে সম্মেলন শেষ করার প্রতিশ্রুতি দেন। শর্তগুলোর মধ্যে রয়েছে-শহরের জিরো পয়েন্ট সাতমাথার দিকে লোক সমাগম না করা, গোহাইল রোড বন্ধ না করা, ২০০ অডিও ডেসিমেল মধ্যে মাইকের ব্যবহার সীমাবদ্ধ রাখা এবং কোন উচ্ছৃংখল আচরণ না করা। এদিকে সম্মেলন সফল করতে গতকাল শিবগঞ্জ ও নন্দীগ্রাম উপজেলায় হেফাজত নেতারা গণসংযোগ করেন। এই সফরের মাধ্যমে জেলার ১২টি উপজেলায় গণসংযোগ কর্মসূচি শেষ হয়েছে বলে হেফাজত নেতারা জানিয়েছেন।
