‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য ব্যাংকিং’ স্লোগান নিয়ে শীঘ্রই কার্যক্রম আসছে মিডল্যান্ড ব্যাংক। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত হওয়া এ ব্যাংক শাখার লাইসেন্স পেলেই সারাদেশে কার্যক্রম শুরু করবে। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার বলেন, উদ্যোক্তারা ভালো হলে সেই প্রতিষ্ঠান ভালো করাটা সহজ। এ ব্যাংকের সঙ্গে যারা আছেন তাদের প্রত্যেকেই সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পরিচালকদের কারও নামে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নেই। এখানে কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না। তিনি এ ব্যাংকের গ্রাহকদের আধুনিক সেবা দেয়ার প্রতিশ্রুতি দেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সমাজের সব শ্রেণী ও পেশার মানুষের জন্য ভালো প্রবৃদ্ধি অর্জনই হবে এ ব্যাংকের প্রধান লক্ষ্য। ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ব্যাংকটির পরিচালক ও উদ্যোক্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
