বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) সাভার প্লাজার মালিক সোহেল রানা সম্পর্কে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, সাভার ট্রাজেডির মূল হোতা হিসেবে রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানার নাম সর্বত্র আলোচিত হচ্ছে। কিন্তু কেন এখনও তাকে গ্রেফতার করা হয়নি, এই প্রশ্ন যখন সর্বমহলে তখন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন, সোহেল রানা আওয়ামী যুবলীগের কোনো কর্মকর্তা বা সদস্য নন। বি. চৌধুরী বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে কোন অসত্য তথ্য পেশ করলে এতে সংসদ অবমাননা হয়, স্পিকার এটা নিশ্চয়ই অবগত আছেন। আমি আশা করি প্রধানমন্ত্রী অবলিম্বে দুঃখ প্রকাশ করে এই অসত্য বক্তব্য প্রত্যাহার করবেন।
