আগামী ৫ মে’র মধ্যে প্রদত্ত ১৩ দফা দাবি মানা না হলে ওইদিন থেকে সরকার হঠাও আন্দোলনের পাশাপাশি নারায়ণগঞ্জ হেফাজতে ইসলামের কর্মীরা ইসলামের আইন বাস্তবায়ন করতে রক্ত দিয়ে শহীদ হওয়ার ঘোষণা দিয়েছেন। কারণ ১৩ দফা দাবি নিয়ে যুদ্ধ শুরু হয়েছে নাস্তিকদের বিরুদ্ধে। সরকারকে হঠিয়ে অন্য কাউকে ক্ষমতায় নেয়ার জন্য হেফাজত আন্দোলন করছে না। সরকার ১৩ দফা দাবি না মানার কারণেই তাদের বিরুদ্ধে এখন কথা বলতে হচ্ছে। ৫ মে’র আগে প্রধানমন্ত্রীর সরকার নাস্তিকদের বয়কট করে যদি আল্লামা শফি হুজুরের কাছে ভুল স্বীকার না করেন তাহলে সরকারও ক্ষমতায় থাকতে পারবে না। কারণ এ আন্দোলন ইসলামের পক্ষে। এ কারণেই ৫ মে যেখানে বাধা দেয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। শনিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা হেফাজতে ইসলামের এক মহাসমাবেশে বক্তারা এ ঘোষণা দেন।
বক্তারা বলেন, এবারের সংগ্রাম নাস্তিকদের বিরুদ্ধে সংগ্রাম, এবারের সংগ্রাম নবীজির ইজ্জত রক্ষার সংগ্রাম। এ কারণেই দলমত নির্বিশেষে ৫ মে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। বক্তারা বলেন, ৫ মে ঢাকা অবরোধের সময়ে প্রমাণ করা হবে দেশের জনগণ সরকারের বিরুদ্ধে আর ১৩ দফা দাবির পক্ষে। বক্তারা তাদের বক্তব্যে সাভারে ভবন ধসের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং রানা প্লাজার মালিক রানাকে সরকারই লুকিয়ে রেখেছে বলে অভিযোগ করেন। বক্তারা বলেন, নাস্তিক, বাম ধারা ও কমিউনিস্ট নেতাদের সঙ্গে আমাদের কোন ধরনের আপোষ নেই। তাদের অন্যায় কোনভাবেই মেনে নেয়া হবে না। তারা আমার দেশ পত্রিকা বন্ধের কঠোর সমালোচনা করে বলেন, ৫ মে’র আগে যদি আমার দেশ প্রকাশ করতে দেয়া না হয় তাহলে এ নিয়েও কঠোর আন্দোলন করা হবে।
ডিআইটি বাণিজ্যিক এলাকায় বঙ্গবন্ধু সড়কে বিকাল ৩টায় শুরু হয় হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মহাসমাবেশ। এ সমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জনতা মিছিল নিয়ে সমবেত হয়। বিশাল এ সমাবেশের কারণে পুরো বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ ছিল।
হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দগ্ম সদস্য সচিব মঈনুদ্দিন রুহী, কেন্দ ীয় নেতা মুফতি ফয়জুল্লাহ, ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব জুনায়েদ আল হাদী, যুগ্ম আহবায়ক মাওলানা শফিজউদ্দিন, আবদুল্লাহ ইউসুফী, সদস্য সচিব ফজলুল করিম, যুগ্ম সদস্য সচিব মজিবুর রহমান, সদস্য মনির আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক আজিজুল হক, সদস্য সচিব আবদুল কাদির, হারুনুর রশিদ, মাওলানা ফরিদ আহম্মেদ, এনামুল হক, মশিউর রহমান, আবদুল কাইউম, একরামুল কবির, জাফর আল হোসাইনি, জামিলউদ্দিন ফারুকী, মুফতি রফিকুল ইসলাম আরাফাত, মাওলানা দেলোয়ার হোসেন, ওমর ফারুক, আজিজুল হাসান, সাইদ, খুরশীদ জাহান, উবায়েদ হোসেন জিহাদী, মাকসুদুর রহমান, আবদুল্লাহ আল নাঈম, বশিরউল্লাহ, তৈয়ব হোসাইন, রফিকুল্লাহ, খোরশেদ, জকির হোসাইন, এনায়েতউল্লাহ নেসারী, আতাউর রহমান, আবদুর রহমান, শামসুদ্দোহা প্রমুখ।
