চট্টগ্রামে আহলে-সুন্নত হেফাজত সংঘর্ষে আহত ১০

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২৩:০৪
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রওশন হাটে গতকাল শনিবার আহলে সুন্নত অল জামায়াত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সংঘর্ষ শুরু হয়ে প্রায় ঘন্টাব্যাপী চলে। সংঘর্ষের পর আহলে সুন্নতের কর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, শুক্রবার হেফাজতের সমাবেশ চলাকালে আহলে সুন্নতের নেতা মাওলানা জালালউদ্দিন আল কাদরীকে লাঞ্চিত করা হয়। এর প্রতিবাদে গতকাল রওশনহাটে মিছিল বের করে আহলে সুন্নতের কর্মীরা। এ সময় ৬টি দোকান, একটি বাড়ি ও স্থানীয় আজিজিয়া মাদ্রাসায় হামলা করে আহলে সুন্নতের বিক্ষুব্ধ কর্মীরা। এ সময় হেফাজতের কর্মীরা এসে আহলে সুন্নতের কর্মীদের ওপর পাল্টা হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। হেফাজতে ইসলাম দাবি করেছে, দোকান ও বাড়ির মালিক তাদের সমর্থক।