নোয়াখালীর বেগমগঞ্জ হেলিপ্যাড ময়দানে আজ রবিবার হেফাজতে ইসলামের মহাসমাবেশ ডাকা হয়েছে। ১৩ দফা দাবি বাস্তবায়নে ঢাকায় অবরোধ কর্মসূচি সফল করতে নোয়াখালী ও লক্ষ্মীপুরে সংগঠনের পক্ষ থেকে এ মহাসমাবেশ আহবান করা হয়েছে। গতকাল শনিবার হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বেগমগঞ্জের সভাস্থল থেকে মোটর সাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি জেলা শহর মাইজদী ঘুরে সভাস্থলে গিয়ে শেষ হয়।
মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ আযীযুল্লাহ নওয়াব ও হেফাজতের নোয়াখালী জেলার সেক্রেটারি মাওলানা ইয়াকুব কাশেমী জানিয়েছেন, মহাসমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।
প্রশাসন সভাস্থলে সব ধরনের রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ও প্রতীক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। নোয়াখালীর ভারপ্রাপ্ত এসপি জাকির হাসান জানিয়েছেন, সমাবেশে শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য সবধরনের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
