তত্ত্বাবধায়ক দিয়ে দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করুন :ড. মোশাররফ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২৩:০৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সাভারের রানা প্লাজায় যখন ফাটল ধরেছিল তখন যদি সরকার বুঝতে পারতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। তেমনিভাবে আগামী নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে যে অবস্থার সৃষ্টি করা হয়েছে তা ফাটলের চেয়েও ভয়াবহ। আপনারা সাবধান হয়ে যান। আগামীর রাজনীতির বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করুন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বৈরাচারী সরকারের অন্যায় ও নির্যাতনের শিকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। শহীদ জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন। ড. মোশাররফ বলেন, সাভারে ভবনে ফাটল দেখা দেয়ার পর সাবধান হলে সেখানে কারও যাওয়ার কথা ছিল না। কেউ না গেলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। তেমনিভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে রাজনীতিতে যে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে, যে ফাটল দেখা দিয়েছে তা থেকে আপনারা সাবধান হয়ে যান। তিনি বলেন, সরকার রানা প্লাজার মালিককে বাঁচাতে চায় বলেই স্বরাষ্ট্রমন্ত্রী ‘নাড়াচাড়া’তত্ত্ব আবিষ্কার করে মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরাতে চান। তারা রানা প্লাজার মালিককে পালিয়ে যেতে সহায়তা করে মানুষকে দেখানোর জন্য আত্মীয়- স্বজনকে গ্রেফতার করছে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, সানাউল্লাহ মিয়া, হুমায়ুন ইসলাম খান, হাবিবুল ইসলাম হাবিব, রফিক সিকদার, শাহজাহান মিয়া সম্রাট, খোরশেদ মিয়া আলম প্রমুখ।