সাভার ট্রাজেডি :সাম্প্রতিক হাহাকারে তারকাদের সহমর্মিতা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ১৯:৪৭
ফেসবুক এখন অধিকাংশ তারকাদের নিয়মিত মত প্রকাশের অনন্য মাধ্যম। নিজেদের আপডেট সব সময়ই তারা নিজেদের ওয়ালে দিয়ে থাকেন। তবে সাম্প্রতিক সাভার ট্রাজেডি নিয়ে একাধিক তারকা তাদের নিজেদের ওয়ালে একাধিক লেখা পোস্ট করেছেন। দুঃখ আর হাহাকারে মোড়ানো এইসব স্ট্যাটাস দেশের সকল মানুষের নিজস্ব কথার মতোই। সেখান থেকেই ক’জন তারকার ফেসবুক পোস্ট তুলে ধরা হলো পাঠকদের জন্য এ দেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চু বর্তমান সময়ের সাভার ট্রাজেডি নিয়ে নিজের হাহাকার প্রকাশ করেছেন নিজের স্ট্যাটাসে। তিনি লিখেছেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমরা যারা শ্রমিক, আমরাও মানুষ। আমরা শুধু শ্রমিক নই। আমাদের মানুষের মর্যাদা দিতে হবে। এই ঘটনা যেন আর না ঘটে সে জন্য গার্মেন্টস মালিকরা মানুষকে শ্রমিক ভাবা থেকে বিরত থাকুন। কারণ আপনাদের সব ধরনের প্রাচুর্য আমাদের রক্তে গড়া। আমাদের মৃত্যু আপনাদের পথে বসিয়ে দিতে পারে। আপনারাও মানুষ থেকে শ্রমিকে পরিণত হতে পারেন যে কোনো সময়। ভুলবেন না দয়া করে!’ এ ছাড়া কণ্ঠশিল্পী ফাহমিদা নবী সাম্প্রতিক এই ট্রাজেডি আর হাহাকার নিয়ে লিখেছেন একটি কবিতা। সেটিই তার ওয়ালে পোস্ট করেছেন। তার লেখা কবিতাটির কয়েক লাইন এমন— ‘নিস্তব্ধতা ভেঙে গেছে। নীরব হাহাকার, নীরব চিত্কার, শুনতে কি পাচ্ছো কেউ!?/এখানে শুধু শূন্যতার অন্ধকার, সবুজ কোথায়..?/ছাই রং, জং রং- রক্ত লালে একাকার আমি/ক্ষীণ নিঃশ্বাসে তাকিয়ে আছি এক নিথর প্রাণ/শুধু শূন্যের মতো অন্ধকারে/অনাহুত বিদায়ের গুঞ্জরণে/স্খলিত নিহত মানুষের শেষ সীমানায়/তীব্র ঘন বাতাসের গন্ধে এখনো তাকিয়ে আছি/কে আছো? কে আছে জানি না/জানে না বাইরের রৌদ্রের কোলাহল/এক বিষাক্ত চাপা ক্রন্দনে/তীব্র বাতাসের ঘন গন্ধে/এখনো তাকিয়ে আছি/কেউ কি আছ আমাদের জন্য...?’ এদিকে অভিনেত্রী তমালিকা কর্মকার তার ওয়ালে দেশের প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের একটি সদ্য লেখা কবিতা শেয়ার করেছেন। কবিতাটি সাম্প্রতিক অবস্থান নিয়ে লিখেছেন গত ২৬ এপ্রিল ভোর ৩টা ৪৫ মিনিটে ভবনের পর ভবন ধসে পড়ছে লোভের ভারে,/শাইলক এখন বাংলাদেশে আসন গেড়েছেন।/ভেবেছিলি সন্তান তোর থাকবে দুধে-ভাতে...?/ কাঁদিস না মা, মালিকরা খুব বিরক্ত হন তাতে। /তোদের যাদের মারার কথা, তারাই মেরেছেন?/এখন ভুবন ছেড়ে ভবনতলে ঘুমাও অন্ধকারে।/ পুঁজিবাদের লোভের শকুন পাখনা মেলেছে-,/হেথা নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে-,/ তোর ছেলেকে, তোর মেয়েকে অন্য কোথাও দে।’ বাংলাদেশের ব্যান্ড মিউজিকের আরও এক লিজেন্ড তারকা মাকসুদুল হক তার স্ট্যাটাসে সম্প্রতি শিল্পীর নিজেরই গাওয়া একটি গানের অংশবিশেষ তুলে ধরেছেন। অতি জনপ্রিয় এই গানটি এমন- ‘ধনীর বাড়ির কাঙ্গাল ভোজের আয়োজনে/ মুখর হবে লোক দেখানোর প্রয়োজনে/পিদিম আলোয় জলবে কুঠির আশীর্বাদে বইবে রুধির/ক্রমানয়ে বুকের মাঝে স্মৃতি হবে স্মৃতি হবে / এমনি করে সবাই যাবে যেতে হবে’ কাজী রোজী-১৯৯৪। দেশের গুণী অভিনেত্রী বন্যা মীর্জা তার স্ট্যাটাসে গতকাল পোস্ট করেছেন সাম্প্রতিক ট্রাজেডি নিয়ে এক মর্মস্পর্শী স্ট্যাটাস। তিনি লিখেছেন, ‘জাগরণ মঞ্চে বক্তৃতা দিলে ব্যক্তিত্বের জাগরণ ঘটে, দেশের প্রতি ভালোবাসা বুঝা যায়, টিভি ক্যামেরায় কাভারেজ পাওয়া যায়, তখন আমিই হিরো... সাভারের ভাঙা বাড়িটার অজস্র শ্রমিক মরে পড়ে আছে, সুশীল সমাজ পথে নামবে না, বিজেএমইএ’র মতো প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে কলিজা লাগে যে...যে যাই করেন, এই মুহূর্তে মৃত আর আহত শ্রমিকেরাই হিরো...’