আ ন্ত র্জা তি ক টু কি টা কি

সেনকাকু নিয়ে আবার উত্তেজনা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ২১:২৬
চীনের আটটি সরকারি জাহাজ গত মঙ্গলবার বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছে জাপানের আঞ্চলিক পানিসীমায় প্রবেশ করে। টোকিও সেনকাকু দ্বীপের আংশিক জাতীয়করণের পর থেকে একদিনে এটি ছিল সর্বোচ্চ সংখ্যক চীনা জাহাজ প্রবেশের ঘটনা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার চীনের রাষ্ট্রদূতকে তলব করে জাপান। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে আটটি চীনা জাহাজ সেনকাকু দ্বীপের কাছে ঢুকে পড়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। জাপানের কোস্টগার্ড জানায়, চীনের এসব জাহাজ পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জের কাছে জাপানের পানিসীমায় প্রবেশ করে। জাপান কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, চীনের নৌবাহিনীর পর্যবেক্ষণ জাহাজগুলো জাপানের সেনকাকু দ্বীপপুঞ্জের পানিসীমার ১২ নটিক্যাল মাইল অভ্যন্তরে ঢুকে পড়ে। সাম্প্রতিক মাসগুলোতে রাষ্ট্রীয় মালিকানাধীন চীনের জাহাজ প্রায়ই বিরোধপূর্ণ পাঁচটি দ্বীপের পানিসীমায় প্রবেশ করছে। দ্বীপটি জাপানের কাছে সেনকাকু নামে পরিচিত, চীনের কাছে দিয়াউ এবং তাইওয়ানের কাছে তিয়াওউতাই নামে পরিচিত। এতে মজুদ তেল, গ্যাস ও মূল্যবান খনিজসম্পদ এবং দ্বীপের জলসীমায় মাছ শিকারের অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরেই সেনকাকু দ্বীপ নিয়ে চীন-জাপান-তাইওয়ান ত্রিমুখী টানাটানি চলছে। চতুর্দশ শতক থেকে চীন সেনকাকুর মালিকানা দাবি করে আসছে। জাপান প্রথম দ্বীপপুঞ্জটির নিয়ন্ত্রণ পায় ১৮৯৫ সালের ১৪ জানুয়ারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আত্মসমর্পণ করার আগ পর্যন্ত এটির নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল। ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র তাদের প্রশাসনের আওতায় আনে দ্বীপটিকে। ১৯৭২ সালে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ওকিনাওয়া সংরক্ষণ চুক্তির আওতায় টোকিওর কাছে দ্বীপের মালিকানা ও নিয়ন্ত্রণ হস্তান্তর করে ওয়াশিংটন। — জাহেদ খান