ময়মনসিংহের নান্দাইল উপজেলার সোনালী ব্যাংক লিমিটেড তারেরঘাট বাজার শাখার দোতলা ভবনে গতকাল রবিবার সকালে অসংখ্য ফাটল দেখা দিয়েছে। ওই শাখায় কর্মরত কর্মকর্তারা সকালে ব্যাংকটিতে প্রবেশের পর ফাটল দেখতে পেয়ে আতংকিত হয়ে ভবন থেকে দ্রুত বেরিয়ে যান। ফলে ব্যাংকের দৈনন্দিন লেনদেন বন্ধ হয়ে গেছে। এ খবর পেয়ে পুলিশ, এলজিইডির প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝুঁকিপূর্ণ ভবনটিতে ব্যাংকের কার্যক্রম পরিচালনা করা হবে কি-না তা নিয়ে স্থানীয় প্রশাসন গতকাল বিকেল (সাড়ে তিনটা) পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারেননি। পুলিশ ভবনটির চারপাশ ঘিরে রেখেছে।
