জাতীয় বাজেট বরাদ্দ দ্বারা শিশুরা কতটুকু এবং কিভাবে উপকৃত হচ্ছে তা বোঝার জন্য জাতীয় বাজেটে শিশুদের জন্য আলাদা বাজেট বিশ্লেষণপত্র থাকা দরকার। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ, শিশু অধিকার বিষয়ক পার্লামেন্টারী ককাস, সিএসআইডি, সিআরজিএ এবং সেভ দ্য চিলড্রেন -এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি করেন। শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি সংসদ সদস্য আসমা জেরিন ঝুমু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. সহিদ আকতার হুসাইন, বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট মীর শওকত আলী বাদশা। স্বাগত বক্তব্য প্রদান করেন ড. আবু ইউসুফ। শিশুদের জন্য বাজেটের ওপর বিশ্লেষণ কাঠামো উপস্থাপন করেন ড. কাজী মারুফুল ইসলাম। বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেন বাংলদেশের পরিচালক বিরগিট লুন্ডব্যক এবং সুইড বাংলাদেশের সভাপতি জোয়াহেরুল ইসলাম মামুন।
ড. মারুফ বলেন আমরা নতুন কোন বাজেট চাই না, বিদ্যমান বাজেট কাঠামোয় একটি বিশ্লেষণী কাঠামো চাই, যাতে শিশু বাজেটের বরাদ্দের পরিমাণ দৃশ্যমান হয়। আসমা জেরীন ঝুমু বলেন, বর্তমান সরকার নারী ও শিশুবান্ধব সরকার। ড. সহিদ আকতার হুসাইন শিশু মনস্তত্ত্ব-এর ওপর গুরুত্বারোপ করেন। এডভোকেট মীর শওকত আলী বাদশা বলেন, জনসংখ্যার অনুপাতে শিশুদের জন্য বাজেট বরাদ্দ প্রয়োজন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম। সংবাদ সম্মেলনে আসন্ন ২০১৩-১৪ বাজেটকে ঘিরে শিশুদের জন্য যথাযথ বরাদ্দ প্রদানের জন্য কয়েকটি প্রস্তাব পেশ করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
