মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে ‘সহিংসতা বন্ধ করার পক্ষে মত দিয়ে বলেছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। রাজনৈতিক দলগুলোর সহিংসতা বন্ধ করে আলোচনার টেবিলে আসতে হবে। যুক্তরাস্ট্র চায় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান। সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।
এ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক চলে সন্ধ্যা সাতটা ২৫ মিনিট পর্যন্ত। বৈঠকে খালেদা জিয়া ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ অংশ নেন।
মজীনা জানান, রাজনৈতিক সহিংসতা বন্ধের জন্যে ইতিমধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তার বৈঠক হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মজীনা বলেন, দেশের যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হতে পারে। যুক্তরাষ্ট্র চায় সংলাপের মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক । সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসবেন বলে যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করে। এসময় তিনি সাভার ট্রাজেডিতে বহু হতাহতের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।
ড. আব্দুল মঈন খান জানান, বেগম খালেদা জিয়া মজীনাকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাভার ট্রাজেডি সম্পর্কে অবহিত করেন।
