পাঁচ দফা দাবিতে জবিতে শিক্ষার্থীদের তালা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ২৩:০৩
পাঁচ দফা দাবিতে গতকাল রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটসহ তিনটি গেটে তালা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া দাবি আদায়ে রায়সাহেব বাজার মোড় এলাকা থেকে সদরঘাট পর্যন্ত সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হলো: বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ, ক্যাম্পাসের ভেতর থেকে বাংলাদেশ ব্যাংকের শাখা স্থানান্তর, বেদখল থাকা আরও ১০টি হল উদ্ধার, পরিবহন সংকট নিরসন ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে একশ কোটি টাকার স্বচ্ছ ব্যবহার। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটসহ তিনটি গেটে পাঁচটি তালা দেয় শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রায় ১৫ হাজার শিক্ষার্থী বাইরে আটকা পড়ে। এসময় সদরঘাট ফুটওভার ব্রিজের নিচ থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে প্রায় ৩৫ থেকে ৪০টি টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে সদরঘাট থেকে গুলিস্তান ও বাবুবাজার থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনুরোধে প্রধান গেটের তালা খুলে দেয় শিক্ষার্থীরা। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়। পরে দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে আলোচনা বসে শিক্ষার্থীরা। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি মেনে নেয়া হবে বলে আশ্বাস দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রদক্ষেপের কথাও জানান উপাচার্য। গত ২০ এপ্রিল ওই পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা।