শিবগঞ্জে আওয়ামী লীগের বৈঠকে জামায়াতের হামলা, নিহত ৩

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ২৩:০৪
গতকাল দুপুরে শিবগঞ্জের উমরপুর গ্রামে আওয়ামী লীগের নেতা পর্যায়ের বৈঠকে জামায়াত-শিবিরের হামলা, পাল্টা হামলায় ৩ জন নিহত ও উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় উপজেলার শ্যামপুর ইউনিয়নাধীন উমরপুর (খোচপাড়া) গ্রামে বশির মেম্বারের বাড়িতে আওয়ামী লীগের আঞ্চলিক নেতা পর্যায়ের বৈঠক চলাকালে জামায়াত-শিবির টের পেয়ে প্রথমে প্রায় ২৫/৩০টি ককটেল ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির মাধ্যমে অতর্কিত হামলা চালায়। এতে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ সময় জামায়াত সমর্থিত ভবানিপুর মাদ্রাসার শিক্ষক ও গোমস্তাপুর থানার জাতাহারা ইউপির লেবুডাঙ্গা গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে বশির উদ্দীন ও আওয়ামী লীগ সমর্থিত শ্যামপুর ইউপির শরত্নগর গ্রামের আলতু মন্ডলের ছেলে মোঃ নাসির উদ্দীন (৪০) মারা যায়। ইউপি সদস্য মোহাঃ বশির উদ্দিন, মোহাঃ রহমত আলী, সাবেক ইউপি সদস্য মোহাঃ আঃ মতিন, তরিকুল আলম ও আঃ সাত্তারসহ আরো কয়েকজন গুরুতর আহত হন। পরে আহত আরো একজনের মৃত্যু হয়। এ সময় তারা বশির উদ্দিন ও আঃ মতিনের বাড়িতে অগ্নিসংযোগ করলে দুটি বাড়ি পুড়ে ভস্মিভূত হয়। আহতরা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। এ ব্যাপারে পুলিশের এন এস আই মোহাঃ আজাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।