গাজীপুরে সড়ক অবরোধ গাড়ি ও কারখানা ভাংচুর

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ২৩:০৪
সাভারের রানা প্ল¬াজা ধসের ঘটনায় দায়ীদের বিচার দাবিতে ও কারখানা খোলা রাখার প্রতিবাদে রবিবার সকালে গাজীপুর জেলা সদরের হোতাপাড়া এলাকায় গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। এ সময় উত্তেজিত শ্রমিকরা ৩টি কারখানা ও বেশ কিছু যানবাহনের কাঁচ ভাংচুর করে। অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৪ লেন প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে এসে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের পুষ্পদাম পিকনিক স্পটের কাছে আটকা পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট, ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকল প্রকার যানবাহন প্রায় দুই ঘণ্টা চলাচল বন্ধ থাকে। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ও স্থানীয় সূত্র জানায়, বিজিএমই’র সিদ্ধান্ত অনুযায়ী সব গার্মেন্টস কারখানা বন্ধ থাকলেও গতকাল রবিবার গাজীপুরের হোতাপাড়া এলাকার সিরামিকস ও টাইলস কারখানাগুলো চালু ছিল। সকাল সাড়ে ১০টার দিকে একদল গার্মেন্টস শ্রমিক ওই এলাকায় জড়ো হয়ে কারখানাগুলো খোলা রাখার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। তারা ফুয়াং সিরামিকস, সানপাওয়ার ফুড অ্যান্ড সিরামিকস ও গ্যালাক্সি সিরামিকসের কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ১০-১৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল ছুঁড়ে ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে বেলা সাড়ে ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়। শ্রমিকদের মহাসড়ক অবরোধের ফলে আটকে পড়া যানবাহনের হাজার হাজার যাত্রী সাধারণের চরম দুর্ভোগে পড়তে হয়।