রানা ও পাঁচ গার্মেন্টস মালিক ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ২৩:০৬
সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানা ও ওই ভবনে থাকা ৫ গার্মেন্টের মালিক পক্ষ তাদের সকল ব্যাংক এ্যাকাউন্ট থেকে শ্রমিকদের বেতন-ভাতা ব্যতীত অন্য কোন কাজে যাতে টাকা উত্তোলন করতে না পারেন তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিতে বলা হয়েছে। বিজিএমইএ’র তত্ত্বাবধানে ওইসব ব্যাংক এ্যাকাউন্ট থেকে বেতন-ভাতা প্রদানের জন্য টাকা উত্তোলন করতে হবে বলে আদেশে বলা হয়েছে। একইসঙ্গে সাভারে ভবন ধসে ব্যাপক হতাহতের ঘটনায় শিল্প পুলিশের ডিআইজি ও সাভার এলাকার পরিচালক, প্রধান কারখানা পরিদর্শক ও সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তাকে তলব করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল আদালতে হাজির হয়ে তাদের ওই ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পৃথক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। এছাড়া ইতিপূর্বে স্প্রেকট্রাম, ফ্রিনিক্স ও স্মার্ট গার্মেন্টেসে হতাহতের ঘটনায় কি ধরনের আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে তা প্রতিবেদন আকারে আদালতকে জানাতে সরকারকে নির্দেশ দেয়া হয়েছে। সাভারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশনা চেয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও তিন ব্যক্তি হাইকোর্টে পৃথক দুটি রিট দায়ের করেন। আদালতে আসক ও ব্লাস্টের রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট জেড আই খান পান্না ও এডভোকেট আবু ওবায়দুর রহমান। এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কামাল হোসেন মিয়াজী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার খন্দকার দিদারুস সালাম ও ব্যারিস্টার মাহীন মুক্তাদির আহমেদের করা দ্বিতীয় রিটের শুনানি করেন ব্যারিস্টার এম এস হাসান আজিম। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন। আদেশে আদালত ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। আগামী সাত দিনের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এদিকে তাজরীন ফ্যাশনস লিমিটেডের মালিককে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া গতকাল এ আবেদন করেন। আবেদনে রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে। রানা ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সাভারে ধসে যাওয়া রানা প্লাজার মালিক সোহেল রানা ও তার স্ত্রী মিতুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ দিন তাদের অ্যাকাউন্ট থেকে সব ধরনের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গতকাল রবিবার সন্ধ্যায় সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীকে চিঠি দিয়ে ওই নির্দেশ দিয়েছে। এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রানা ও ওই ভবনে থাকা চার গার্মেন্ট মালিকের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধের নির্দেশ দেয় হাই কোর্ট। এফআইইউর চিঠিতে বলা হয়েছে, কোনো ব্যাংক শাখায় সোহেল রানা ও তার স্ত্রী মিতুর নামে কোনো অ্যাকাউন্ট থাকলে আগামী ৩০ দিনের জন্য এসব হিসাবের লেনদেন বন্ধ রাখতে হবে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২’র আওতায় তাদের হিসাব বন্ধ রাখতে বলা হয়েছে। অন্যদিকে ওই ভবনে থাকা পোশাক শিল্প মালিকদের ব্যাংক হিসাব জব্দের বিষয়ে আগামীকাল সোমবার ব্যাংকগুলোতে নির্দেশ পাঠানো হতে পারে বলে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে।