সাভারের ধসে পড়া ভবনের মালিক সোহেল রানাকে নিয়ে বিএনপির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ রবিবার সাংবাদিকদের বলেন, মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করাই তাদের চিরাচরিত অভ্যাস।
‘সোহেল রানাকে আওয়ামী লীগ বাঁচানোর চেষ্টা করছে, তাকে কখনই গ্রেফতার করা হবে না। কারণ সরকারের কোন বিশেষ জায়গায় তিনি নিরাপদে আছেন’—বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের এসব বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের প্রতি ন্যূনতম আস্থা থাকলে এমকে আনোয়ার এমন বক্তব্য দিতে পারতেন না। বস্তুত আইনের শাসনে বিএনপি বিন্দুমাত্র বিশ্বাসী নয়।
হানিফ বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহেল রানাকে দ্রুত গ্রেফতারের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেন। এরপর পুলিশ, র্যাবসহ সরকারের বিভিন্ন সংস্থা তাকে গ্রেফতারের জন্য জোর তত্পরতা শুরু করে। শেষ পর্যন্ত গতকাল রানাকে বেনাপোল থেকে গ্রেফতার করে র্যাব। আর এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি রানাকে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছিল তা ছিল মিথ্যা।
