রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে জামায়াতের ডাকা-অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে দুই বিভাগের কোথাও বড় ধরনের কোন অঘটন ঘটেনি।
রাজশাহী অফিস জানায়, গতকাল রবিবার রাজশাহীতে জামায়াতের অর্ধ দিবস হরতাল ঢিলেঢালা পালিত হয়েছে। সকালের দিকে হরতাল সমর্থক শিবির কর্মীরা নগরীজুড়ে চোরাগোপ্তা হামলা চালিয়ে ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পিকেটাররা পালিয়ে যায়। এনিয়ে কিছুটা উত্তাপ থাকলেও বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে রাস্তায় লোকসমাগম বাড়ায় পিকেটাররা নিষ্ক্রিয় হয়। সকাল ৯টার পর নগরীর কোথাও হরতাল সমর্থক জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। বড় মার্কেট, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান এবং যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ ছাড়া বাকি সবকিছু ছিল প্রায় স্বাভাবিক। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকল ট্রেন যথাসময়ে ছেড়েছে এবং পৌঁছেছে। চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকায় তা নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল অফিস জানায়, জামায়াতের ডাকা হরতালে বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক-মহাসড়ক অবরোধ করে পিকেটাররা। হরতাল চলাকালে বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। নগরীর বিএম স্কুল রোডে পিকেটিংকালে শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশ। সকাল ৬টার মধ্যে নগরীর ১নং সিএন্ডবি পোলে ৪টি এবং বিএম কলেজ এলাকায় ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ঐ এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা বিক্ষোভ করেছে। একই সময় নগরীর নথুল্লাবাদ শিক্ষা বোর্ড অফিস এলাকায়, থানা কাউন্সিল, নবগ্রাম রোড, সিএন্ডবি রোড বিজয় বিহঙ্গ মোড়, চাঁদমারী, স্বরোড এবং বিএম স্কুল সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এসব স্থানেও হরতাল সমর্থকরা বিক্ষোভ করেছে। এছাড়া বাবুগঞ্জ ৫ রাস্তা মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও উজিরপুর বাজার থেকে হাসপাতাল পর্যন্ত বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়।
বগুড়া প্রতিনিধি জানান, রাজশাহী বিভাগে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে বগুড়া শহরতলীর ছিলিমপুরে একটি পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয় শিবিরের নেতাকর্মীরা। এছাড়া ভোরে শহরের স্টেশন রোডে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ট্রাকে আগুন দেয়ার ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করেছে।
গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে ছিলিমপুর এলাকায় অবস্থান নেয় ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এসময় বগুড়া শহর থেকে শাজাহানপুর অভিমুখী তরমুজ বোঝাই একটি ট্রাক আটকিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় তারা। শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জন এবং সদর থানা পুলিশ শিবিরের আরো ৩ কর্মীকে আটক করে।
চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। গতকাল রবিবার হরতাল চলাকালে নগরীর কয়েকটি স্থানে জামায়াত-শিবির কর্মীরা পিকেটিং করেন। সকালে নগরীর কয়েকটি স্থানে মিছিল ও সমাবেশ করে জামায়াত-শিবির। এসব সমাবেশ থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেকসহ জামায়াত-শিবিরের অন্যান্য নেতা-কর্মীদের মুক্তি দাবি করা হয়। বক্তারা সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদ জানান। সকাল থেকেই রাস্তায় প্রচুর রিক্সা, সিএনজি-অটোরিক্সা ও বাস চলতে দেখা যায়। বন্দরের পণ্য উঠা-নামার কাজ স্বাভাবিক ছিল। ট্রেন ও বিমান চলাচলও স্বাভাবিক ছিল। তবে হরতাল চলাকালে দূরপাল্লার বাস ছাড়েনি।
