চট্টগ্রামে গার্মেন্টসগুলোতে বাড়তি নিরাপত্তা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ২৩:০৭
পোশাক শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনার মধ্যে ২দিন বন্ধ থাকার পর আজ সোমবার চট্টগ্রামে পোশাক তৈরির কারখানাগুলো চালু হচ্ছে। এ কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গার্মেন্টস মালিক ও পুলিশ প্রশাসন সজাগ রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাভারে ভবন ধসে হতাহতের ঘটনার পর চট্টগ্রামেও গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা গার্মেন্টসগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাব সতর্ক অবস্থায় রয়েছে। চট্টগ্রামে প্রায় ৯ শতাধিক গার্মেন্টস রয়েছে বলে জানা যায়। এছাড়াও শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয় সেজন্য পুলিশ ও র্যাবের বাড়তি সহযোগিতা চেয়েছেন ইপিজেড কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত শনিবার সিইপিজেড এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেছে।