শেয়ারবাজারে গত দশ দিন ধরে দরপতন চলছে। সঙ্গে কমছে লেনদেনও। গতকাল সোমবারও দেশের উভয় শেয়ারবাজারে সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৯ পয়েন্ট। আর লেনদেন টানা ৭ দিন দুইশ’ কোটি টাকার নিচে হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে সূচক কমার চেয়েও লেনদেন কমে যাওয়ার প্রভাব বেশি পড়ছে বিনিয়োগকারীদের উপর। লেনদেন কমে যাওয়ায় শেয়ারবাজার নিয়ে অনেকেই আশাহত হয়ে পড়েছেন। এ অবস্থায় বাজারে আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
ডিএসই’র তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯ পয়েন্ট কমে ৩ হাজার ৪৪৪ পয়েন্টে নেমে এসেছে। সাধারণ মূল্যসূচক কমেছে ৩ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৩৪ কোটি ৫৪ লাখ ৬৬ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ২২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৭৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
ডিএসই’র তথ্যে জানা গেছে, গতকাল পুঁজিবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার, শাহজালাল ইসলামী ব্যাংক, রূপালি ব্যাংক ও প্রভাতি ইন্সুরেন্স সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। জিবিবি পাওয়ার ১৫ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংক ২০ শতাংশ, প্রভাতি ইন্সুরেন্স ১২ শতাংশ এবং রূপালি ব্যাংক ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছে।
