সাভারের রানা প্লাজায় হতাহতদের জন্য একটি সহায়তা ফান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। গতকাল বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর ড. আতিউর রহমান। এতে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার, এবিবি সভাপতি নূরুল আমিন, এফবিসিসিআই সভাপতি ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসকে সুর চৌধুরী বলেন, ভবন ধসে হতাহতদের সহায়তায় সব তফসিলি ব্যাংক কর্মকর্তাদের একদিনের বেতন কেটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো একটি আলাদা ফান্ড গঠন করবে। এ ফান্ডের টাকায় অগ্নিনির্বাপন ও দুর্যোগ মোকাবিলার জন্য যন্ত্রপাতি ক্রয় করা হবে। পরে এসব যন্ত্রপাতি সরকারের যেকোন বাহিনীর কাছে দেয়া হতে পারে। তবে কাদের দেয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে ভবন ধসের পর উদ্ধার কাজে প্রথম থেকে যারা সরকারের বিভিন্ন বাহিনীর সঙ্গে কাজ করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ব্যাংকগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
এর আগে তাত্ক্ষণিক এক বার্তায় দুর্ঘটনায় হতাহতদের পাশে দাঁড়াতে এবং চিকিত্সা সেবা দিতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেন গভর্নর। ওই নির্দেশে ইতিমধ্যে অনেক ব্যাংক নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য নানা সহায়তা ঘোষণা করেছে। চিকিত্সা সেবা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ১৬ সদস্যের একটি মেডিক্যাল টিমও সেখানে কাজ করেছে।
