বেসরকারি খাতের তিন বড় প্রকল্পের জন্য আড়াই কোটি ডলার বিদেশি ঋণ অনুমোদন করেছে ঋণ আবেদন যাচাই-বাছাই কমিটি। গতকাল বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত কমিটির ৭৫তম বৈঠকে অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এবারের বৈঠকে তিনটি বড় প্রকল্পের জন্য এ দুই কোটি ৫০ লাখ ডলারের ঋণের অনুমোদন দেয়া হয়েছে। এ ঋণের সুদের হার ত্রৈমাসিক ভিত্তিতে লন্ডন ইন্টার ব্যাংক সুদহার (লাইবর) ৪ দশমিক ৫০ শতাংশ।
ঋণ অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে সামিট বিবিয়ানা টু পাওয়ার কোম্পানি লিমিটেডের অনুকূলে অনুমোদন দেয়া হয়েছে দুই কোটি ২৫ লাখ ডলার। আর সিলভার কোম্পানি লিমিটেডের ছয় লাখ ডলার এবং গ্লোবাল অ্যান্ট্রি লিমিটেডের অনুকূলে ২০ লাখ ডলার বিদেশি ঋণের অনুমোদন দেয়া হয়েছে।
২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ১৪৯ কোটি ডলারের উপরে বিদেশি ঋণ অনুমোদন করেছে সরকারের বিদেশি ঋণ সংক্রান্ত বাছাই কমিটি। টেলিকম, খাদ্য উত্পাদন ও তৈরি পোশাক খাতে এসব ঋণ দেয়া হয়েছে। চলতি বছরে বৈদেশিক অর্থায়নের জন্য যেসব ঋণ প্রক্রিয়াধীন রয়েছে বা অনুমোদনের জন্য বিবেচনাধীন আছে, তা শিগগিরি অনুমোদন দেয়া হবে বলে জানা গেছে।
