সালমান শাহকে উত্সর্গ করে মৌসুমী-আগুন

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২০:৩৭
পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা মৌসুমীর। একই ছবিতে গান গাওয়ার মধ্যদিয়ে প্লে-ব্যাকে অভিষেক ঘটে খান আতাউর রহমান ও নিলুফার ইয়াসমিন দম্পতির ছেলে আগুনের। এবারই প্রথম মৌসুমী ও আগুন একসঙ্গে অভিনয় করছেন। ‘হলুদ বাতির গল্প’ নামের একটি একক নাটকে দেখা যাবে আগুন ও মৌসুমীকে। নাটকটি উত্সর্গ করা হয়েছে এ দেশের সেরা নায়ক সালমান শাহকে। গত শনিবার থেকে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়। মৌসুমী বলেন, ‘আগুন ভাইয়ের গান আমার ভালো লাগে। অভিনেতা হিসেবেও তিনি ভালো করছেন। তার সঙ্গে অভিনয় করে বেশ ভালো লেগেছে। শুধু শিল্পী হিসেবেই নয়, একজন অভিনেতা হিসেবেও এখন তিনি একজন দক্ষ অভিনেতা।’ আগুন বলেন, ‘নাটকের গল্পটি চমত্কার। মৌসুমীর কথা আমিই পরিচালককে প্রস্তাব করেছি। আশা করছি সবমিলিয়ে অনেক ভালো একটি কাজ হবে। নাটকটি খুন ও এক নারীর প্রতিশোধ নেওয়ার ঘটনাবলি নিয়ে নির্মিত। এই নারীর চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আর খুনির চরিত্রে আছেন আগুন। ঢাকার রোজ গার্ডেন, মধুমিতা প্রেক্ষাগৃহ ও মানিকগঞ্জের একটি জমিদার বাড়িতে নাটকটির শুটিং চলছে। আগামী ঈদুল ফিতরে একটি টিভি চ্যানেলে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হচ্ছে। এদিকে মৌসুমী মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিরও শুটিং করছেন ব্যস্ততার ফাঁকে ফাঁকে। এই ছবিতে তার সাথে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শাবনূর ও ফেরদৌস। অন্যদিকে আগুন এরইমধ্যে শেষ করেছেন খণ্ড নাটক ‘স্বপ্ন ছুঁয়ে যায়’-এর কাজ। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল তারকা শখ।