বছর খানেক আগেও এতটা ব্যস্ত ছিলেন না চিত্রনায়িকা নিপুণ। বলা যায় অনেকটা ছবির খরায় ছিলেন তিনি। কিন্তু এখন, ভাগ্যের চাকা যেন ঘুরল। একের পর এক নতুন ছবিতে কাজ করছেন তিনি। সম্প্রতি শেষ করলেন দেশ সেরা মডেল নোবেলের সঙ্গে নতুন একটি বিজ্ঞাপনের কাজ। এর পাশাপাশি নিয়মিতই এনটিভির ‘হা শো’তে অংশ নিচ্ছেন তিনি। করছেন কিছু ধারাবাহিকের কাজ। আর হাফ ডজনেরও বেশি চলচ্চিত্রে কাজ করছেন তিনি। ছবিগুলোর মধ্যে কিছুদিন আগে কলকাতা থেকে ‘পরিচয়’-এর শুটিং শেষ করে ফিরলেন তিনি। তার দুইদিন আগে ‘মায়ানগর’ নামের একটি ছবির মহরতে অংশ নেন। এখন এই ছবিটির শুটিং করছেন তিনি। খুব শীঘ্রই ‘মায়ের মমতা’ ছবিতেও কাজ করবেন তিনি। ‘পদ্মা পাড়ের পার্বতী’ ছবির শুটিংও করছেন অনেক দিন ধরে। ‘তবুও তুমি আমার’ ছবিরও কাজ করবেন। আর আগামী মাসে মুক্তি পাবে তার ‘এইতো ভালোবাসা’ ছবিটি।
